এ বছর আগস্ট মাসটা বেশ অদ্ভুত। একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার খামখেয়ালিপনা, অন্যদিকে বাজারে নতুন বইয়ের আকাল। তবে বই যে একেবারেই প্রকাশিত হচ্ছে না, তা কিন্তু নয়! অক্টোপাসের নৈতিকতা থেকে শুরু করে মহাবিশ্বের নকশা, এন্ডোমেট্রিওসিসের যন্ত্রণা কিংবা কম্পিউটারের সঙ্গে কথা বলা—অবসরে নিজেকে সতেজ করতে আপনার যেমন বই-ই পছন্দ হোক না কেন, দারুণ কিছু বইয়ের খোঁজ আছে আমাদের কাছে।
মাংসনির্ভর প্যালিও ডায়েট করবেন, নাকি পুরোপুরি ভেগান হয়ে যাবেন? ভূমধ্যসাগরীয় খাবার খাবেন নাকি ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন? ডায়েট নিয়ে এমন হাজারো প্রশ্নের ভিড়ে আমরা প্রায়ই খেই হারিয়ে ফেলি। হার্ভার্ড ইউনিভার্সিটির নৃবিজ্ঞানী ড্যানিয়েল লিবারম্যানের লেখা ফেড আপ বইটি আপনাকে এই বিভ্রান্তি থেকে মুক্তি দেবে। মানুষের খাদ্যাভ্যাস কীভাবে বিবর্তিত হয়েছে, আগুন, কৃষিকাজ এবং শিল্পায়ন কীভাবে আমাদের খাবারে পরিবর্তন এনেছে, তার সবই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দারুণ গল্পের ছলে তুলে ধরেছেন তিনি।
লেখক: ড্যানিয়েল লিবারম্যান
প্রকাশক: নফ প্রকাশনী
পৃষ্ঠা: ৪১৬
দাম: ২৫ ইউরো
আমরা ভবিষ্যতে কোথায় যাচ্ছি, তা বুঝতে হলে আমাদের অতীত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। জীববিজ্ঞানী ও গবেষক জোনাথন লোয়ের লাইফ স্টোরি বইটি ঠিক এই কাজটিই করেছে। এখানে জোনাথন নিজের জীবনের গল্প বলেননি। হোমো স্যাপিয়েন্সের উত্থান থেকে শুরু করে ব্রোঞ্জ যুগ হয়ে শিল্পবিপ্লব পর্যন্ত জীবনের এক বিশাল ইতিহাস তুলে ধরেছেন তিনি এই বইয়ে। জেনেটিক্স ও ভাষা, ইকোসিস্টেম ও অর্থনীতি এবং সভ্যতার পতনের মধ্যকার লুকিয়ে থাকা সম্পর্কগুলো এখানে দারুণভাবে উঠে এসেছে। সংস্কৃতিকে জীবনের একটি রূপ হিসেবে দেখিয়ে লেখক কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের এক নতুন দিক উন্মোচন করেছেন।
লেখক: জোনাথন লো
প্রকাশক: ফার্ন প্রেস
পৃষ্ঠা: ৫৪৪
দাম: ২৫ ইউরো
যন্ত্রের সঙ্গে কথা বলার স্বপ্ন মানুষের বহু পুরোনো। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জিয়াওচাং লিয়ের লেখা ডিভিনেশন ইঞ্জিনস বইটি দেখিয়েছে, কীভাবে এই স্বপ্ন আজকের জেনারেটিভ এআইয়ের জন্ম দিয়েছে। কম্পিউটারের ভাষা শনাক্তকরণ প্রযুক্তি কীভাবে শব্দের অর্থের চেয়ে পরিসংখ্যানগত অনুমানের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ল, তার ইতিহাস এখানে উঠে এসেছে নিখুঁতভাবে। এআই কীভাবে কাজ করে, তা গভীরভাবে বুঝতে চাইলে এই বইটি আপনার জন্য।
লেখক: জিয়াওচাং লি
প্রকাশক: ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস
পৃষ্ঠা: ৩২০
দাম: ২২ ইউরো
আমরা কি কোনো কম্পিউটার সিমুলেশন বা কৃত্রিম জগতে বাস করছি? যদি তা-ই হয়, তবে আমরা সেটা বুঝব কীভাবে? স্কটল্যান্ডের অ্যাস্ট্রোনমার রয়্যাল ক্যাথরিন হেইম্যানস তাঁর নতুন বইয়ে এমন মাথা ঘুরিয়ে দেওয়া প্রশ্নের উত্তর খুঁজেছেন। সাবঅ্যাটমিক কণা থেকে শুরু করে ডার্ক ম্যাটার এবং মানুষের চেতনার রহস্য; সবকিছুই দারুণ রসবোধের সঙ্গে ব্যাখ্যা করেছেন তিনি। মানুষ কি কখনো বাস্তব মহাবিশ্বের মতো বৈচিত্র্যময় কোনো কৃত্রিম জগৎ বানাতে পারবে কি না, তা নিয়ে নতুন করে ভাবতে শেখাবে এই বই।
লেখক: ক্যাথরিন হেইম্যানস
প্রকাশক: ব্লুমসবারি সিগমা
পৃষ্ঠা: ৩০৪
দাম: ২০ ইউরো
মধ্য এশিয়ার দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা রূপালি-ধূসর তুষার চিতাবাঘ যারা ভালোবাসেন, এই বইটি তাদের জন্য। বিজ্ঞানী ও পর্বতারোহী কুলভূষণসিং সূর্যবংশী গত ২০ বছর ধরে এই রহস্যময় প্রাণীদের ওপর গবেষণা করছেন। তাদের বাসস্থান, শিকার থেকে শুরু করে টিকে থাকার লড়াই; সবকিছুই তিনি খুব কাছ থেকে দেখেছেন। এই প্রাণীগুলোর অস্তিত্ব কীভাবে স্থানীয় মানুষদের সঙ্গে জড়িয়ে আছে, তা-ই উঠে এসেছে এই বইটিতে।
লেখক: কুলভূষণসিং সূর্যবংশী
প্রকাশক: গ্রান্টা বুকস
পৃষ্ঠা: ৩০৪
দাম: ২০ ইউরো
আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে সবাই শুধু উত্তর খুঁজতে ব্যস্ত। কিন্তু সঠিক প্রশ্ন করাটাও যে বিশাল এক শিল্প, তা আমরা প্রায়ই ভুলে যাই। অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক রিসার্চ ফেলো এবং দার্শনিক ল্যানি ওয়াটসনের লেখা কিউ বইটি আমাদের এই প্রশ্ন করার ক্ষমতা নিয়েই লেখা। চিকিৎসকের চেম্বার থেকে শুরু করে আদালত কিংবা ডেটিং—সবখানেই সঠিক প্রশ্ন করার ক্ষমতা আমাদের অভিজ্ঞতা বদলে দিতে পারে। সক্রেটিসের মৃত্যু থেকে শুরু করে এআইয়ের যুগ পর্যন্ত প্রশ্ন করার অজানা শক্তি বুঝতে বইটি আপনাকে সাহায্য করবে।
লেখক: ল্যানি ওয়াটসন
প্রকাশক: দ্য বডলি হেড লিঃ
পৃষ্ঠা: ৩২০
দাম: ২২ ইউরো
অক্টোপাসের মতো অত্যন্ত বুদ্ধিমান প্রাণীর চাষ করা কি নৈতিকভাবে ঠিক? বিশেষ করে যখন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, এদেরও ব্যথা ও আনন্দ অনুভব করার ক্ষমতা আছে! সাংবাদিক রিচার্ড শোয়েডের এই বইটি বিশ্বজুড়ে অক্টোপাস চাষের প্রতিযোগিতা এবং এর পেছনের নৈতিক বিতর্ককে কেন্দ্র করে লেখা। একদিকে বন্য অক্টোপাসের সংখ্যা কমছে, অন্যদিকে মানুষের এদের খাওয়ার চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রাণী অধিকার ও মানুষের চাহিদার মধ্যকার এক দারুণ বিশ্লেষণ পাবেন এই বইয়ে।
লেখক: রিচার্ড শোয়েড
প্রকাশক: ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা প্রেস
পৃষ্ঠা: ১৮৬
দাম: ১৮.৯৯ ইউরো