মাঝে মাঝে নতুন সায়েন্স ফিকশন খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়। কিন্তু এই মে মাসে সেই সমস্যা একেবারেই নেই! দুর্দান্ত সব সায়েন্স ফিকশন বই নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রকাশনী। সময় ভ্রমণ থেকে শুরু করে ভিনগ্রহের অভিযান, রোবটের জগৎ কিংবা পৃথিবীর ধ্বংসের গল্প, কী নেই এখানে! চলুন, একনজরে দেখে নিই মে মাসের দারুণ সব সায়েন্স ফিকশন বইয়ের খবর।
লেখক: মার্থা ওয়েলস
মূল্য: ২৪.৯৯ ডলার
পৃষ্ঠা: ২৪৩
অ্যামাজন লিংক: Platform Decay
মার্ডারবট ডায়রিজ সিরিজের কথা শুনেছেন কি? এটি সেই বেস্টসেলার সিরিজের অষ্টম বই। মার্ডারবট নামের এই অদ্ভুত সাইবর্গকে নিয়ে একটি জনপ্রিয় টিভি সিরিজও তৈরি হয়েছে। নতুন এই বইয়ে দেখা যাবে, মার্ডারবট স্বেচ্ছায় একটি গোপন উদ্ধার অভিযানে যায়। তার মিশন হলো শত্রুপক্ষের এলাকা থেকে কিছু বন্ধুত্বপূর্ণ মানুষকে গোপনে উদ্ধার করা। কিন্তু মিশনে গিয়ে সে আবিষ্কার করে এক অদ্ভুত বিপদ। তাকে একটি গ্রহ-আকৃতির বিশাল স্পেস পোর্টে যেতে হবে, যেখানে পর্যটক, কর্মী এবং নিরাপত্তারক্ষীদের ভিড়ে কাজ করাটা বড্ড কঠিন। তার ওপর সবচেয়ে বড় সমস্যা হলো, যাদের উদ্ধার করতে হবে, তাদের মধ্যে কিছু মানবশিশুও আছে! মার্ডারবট সাধারণত মানুষজনের বোকামি ও আবেগ মোটেও পছন্দ করে না। কিন্তু এই মিশনে শিশুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে তাকে নিজের ভেতরে জমে থাকা অদ্ভুত সব অনুভূতির মুখোমুখি হতে হয়। অ্যাকশন, সায়েন্স ফিকশন এবং মার্ডারবটের স্বভাবসুলভ মজার কথাবার্তায় ভরপুর এই বইটি আপনাকে এক মুহূর্তের জন্যও বোর হতে দেবে না।
লেখক: মাহমুদ এল সায়েদ
মূল্য: ২০ ডলার
পৃষ্ঠা: ৪৮০
অ্যামাজন লিংক: The Republic of Memory
মহাকাশযানে প্রজন্মের পর প্রজন্ম পার করে দেওয়ার গল্পগুলো সব সময়ই অদ্ভুত রকমের রোমাঞ্চকর হয়। এই গল্পটি সাফিনা নামে একটি বিশাল শহর-আকৃতির মহাকাশযান নিয়ে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন এক বাসযোগ্য কলোনির সন্ধানে ৪০০ বছরের দীর্ঘ যাত্রায় বের হয়েছে এই মহাকাশযান। ইতিমধ্যে তাদের যাত্রার ২০০ বছর পার হয়ে গেছে। জাহাজের বর্তমান কর্মীরা তাদের পূর্বপুরুষদের বরফে জমিয়ে বাঁচিয়ে রেখেছে, যাতে একদিন তারা নতুন গ্রহে সুন্দর জীবন পায়। কিন্তু হঠাৎ বর্তমান প্রজন্মের কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করে। কেন তারা এমন এক সাম্রাজ্য ও মানুষদের জন্য গাধার খাটুনি খাটবে, যাদের তারা চেনেই না? এরপরই হঠাৎ শুরু হয় বিদ্যুৎ-বিপর্যয়। সেই সঙ্গে মাথাচাড়া দিয়ে ওঠে এক গোপন ষড়যন্ত্র। নভোযানের ভেতরে শুরু হয় বিদ্রোহ। আপনি যদি রাজনীতি, মহাকাশ অভিযান এবং আরবীয় কল্পকাহিনির এক দারুণ মিশ্রণ পড়তে চান, তাহলে বইটি আপনার তালিকায় সবার ওপরে থাকা উচিত।
লেখক: পোর্টিয়া এলান
মূল্য: ২৮ ডলার
পৃষ্ঠা: ৩০৪
অ্যামাজন লিংক: Homebound
আপনি কি এমন কোনো গল্পের কথা জানেন, যা ৬০০ বছর এবং পাঁচটি সম্পূর্ণ আলাদা জীবনকে এক সুতোয় বেঁধে রাখে? হোমবাউন্ড এমনই একটি চমৎকার উপন্যাস। ১৯৮৩ সালে সিনসিনাটি শহরে বেকস নামে এক তরুণী একটি অসমাপ্ত কম্পিউটার গেম খুঁজে পায়। গেমটি তৈরি করছিলেন তার মৃত চাচা। পেশায় তিনি ছিলেন প্রোগ্রামার। বেকস গেমটি নিয়ে কাজ শুরু করে। কিন্তু সে বুঝতে পারেনি, এই গেমটি শত শত বছর টিকে থাকবে। সুদূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে তলিয়ে যাওয়া পৃথিবীতে এই গেমটিই হয়ে ওঠে একটি যোগসূত্র। এটি একজন নিঃসঙ্গ বিজ্ঞানী, ২৬ শতকের এক জাহাজের নাবিক এবং ছায়া নামে এক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটকে অদ্ভুতভাবে যুক্ত করে দেয়। স্থান ও কালের সীমানা পেরিয়ে কীভাবে মানুষের আবেগ, একাকিত্ব এবং সম্পর্কগুলো টিকে থাকে, তা-ই দেখানো হয়েছে এই উপন্যাসে। সায়েন্স ফিকশনের মোড়কে এটি মূলত মানুষের বেঁচে থাকার লড়াই ও ভালোবাসার এক অসাধারণ গল্প।
লেখক: অ্যালান মুর
মূল্য: ২৯.৩৯ ডলার
পৃষ্ঠা: ৩৩৬
অ্যামাজন লিংক: I Hear a New World
বিখ্যাত লেখক অ্যালান মুরের দ্য গ্রেট হোয়েন বইটির কথা হয়তো মনে আছে? এটি সেই সময় ভ্রমণ ও ফ্যান্টাসি সিরিজের দ্বিতীয় বই। গল্পের প্রধান চরিত্র ডেনিস নাকলইয়ার্ড লন্ডনের একটি ছায়াজগৎ আবিষ্কার করেছিল, যার নাম দ্য গ্রেট হোয়েন। ১৯৫৮ সালের কথা। ডেনিস চায় সেই ভয়ংকর জাদুকরী জগতের কথা পুরোপুরি ভুলে যেতে। গত নয় বছরে সে বেশ ভালোই ছিল। কিন্তু হঠাৎ তার হাতে এসে পড়ে গত অভিযানের একটি পুরোনো চাবি, যা সে ওই জগৎ থেকে নিজের জগতে নিয়ে এসেছিল। ডেনিস চাবিটা এক বন্ধুকে দেওয়ার পর এর জাদুকরী ক্ষমতা আবার জেগে ওঠে। ছায়াজগৎ থেকে ভয়ংকর সব প্রাণী ডেনিসের পৃথিবীতে আসতে শুরু করে এবং পুরো লন্ডনে দাঙ্গা বেধে যায়। বাধ্য হয়ে ডেনিসকে আবার সেই ছায়া লন্ডনে ফিরে যেতে হয়। কিন্তু একবার ঢুকলে সেই জগৎ কি তাকে এত সহজে বের হতে দেবে? রহস্য ও জাদুতে ঘেরা এক শ্বাসরুদ্ধকর গল্প এটি।
লেখক: ম্যাট হেইগ
মূল্য: ৩০ ডলার
পৃষ্ঠা: ২৫৫
অ্যামাজন লিংক: The Midnight Train
ম্যাট হেইগের লেখা বেস্টসেলার বই দ্য মিডনাইট লাইব্রেরি। এটি সেই সিরিজেরই একটি নতুন সংযোজন। এই বইয়ের মূল চরিত্র উইলবার বাড, যে একাকিত্বে ভুগে মারা যাওয়ার ঠিক আগমুহূর্তে একটি অদ্ভুত সুযোগ পায়। মৃত্যুর ঠিক আগে সে একটি জাদুকরী ট্রেন দেখতে পায়—দ্য মিডনাইট ট্রেন। এই ট্রেন তাকে অতীতের সেই সব সোনালি মুহূর্তে ফিরিয়ে নিয়ে যেতে পারে, যেখানে সে ভুল করেছিল। উইলবার একসময় তার ভালোবাসার ম্যাগিকে হারিয়েছিল। এখন তার সামনে সুযোগ এসেছে সেই পুরোনো দিনে ফিরে গিয়ে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার। কিন্তু আপনি চাইলেই কি অতীত পরিবর্তন করতে পারেন? সময় নিয়ে খেলা করার পরিণতি হতে পারে ভয়ংকর। যদি উইলবার তার অতীত পরিবর্তন করতে গিয়ে নিজের অস্তিত্বই মুছে ফেলে? আক্ষেপ, দ্বিতীয় সুযোগ এবং সময় ভ্রমণের এক দারুণ সংমিশ্রণ এই বইটি আপনাকে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর মূল্য বুঝতে শেখাবে।
লেখক: অ্যান লেকি
মূল্য: ৩০ ডলার
পৃষ্ঠা: ৩৬৮
অ্যামাজন লিংক: Radiant Star
অ্যান লেকির বিখ্যাত ইম্পেরিয়াল রাডচ ইউনিভার্সের ওপর ভিত্তি করে লেখা একটি সম্পূর্ণ নতুন বই এটি। একটি গ্রহ যদি তার নক্ষত্রকে হারিয়ে ফেলে, তবে সেখানকার অবস্থা কেমন হবে? আলো না থাকায় বাধ্য হয়ে সেখানকার মানুষকে মাটির নিচে বাস করতে হচ্ছে। খাদ্যের চরম অভাব, চারদিকে দাঙ্গা ও বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। ঠিক সেই সময়ে মহাশূন্যের একদল নিষ্ঠুর শাসক বা রাডচ সাম্রাজ্য সিদ্ধান্ত নেয়, তারা গ্রহটি দখল করবে। তাদের কাছে এই গ্রহের ধর্মীয় আবেগের কোনো দাম নেই। কিন্তু গ্রহের স্থানীয় রাজনীতি বেশ জটিল। এই বিশৃঙ্খলার মধ্যেই একজন নিজেকে ঈশ্বর দাবি করে বসে, এক তরুণ দাস মুক্তির পথ খুঁজতে থাকে, আর এক সাধারণ মানুষের জীবন পুরোপুরি উল্টে যায়। আপনি যদি মহাকাশের জটিল রাজনীতি, অদ্ভুত ভিনগ্রহের সমাজব্যবস্থা ও টানটান উত্তেজনার গল্প পছন্দ করেন, তবে এই সায়েন্স ফিকশনটি আপনাকে নিরাশ করবে না।
লেখক: টেমি ওহ
মূল্য: ১৬.৯৭ ইউরো
পৃষ্ঠা: ৪৩২
অ্যামাজন লিংক: Not With a Bang
লন্ডনে এক ভয়ংকর বিলুপ্তির ঘটনা ঘটতে যাচ্ছে। এই মহাবিপদের মুখে দাঁড়িয়ে আছে মিনটন নামে এক সাধারণ পরিবার। পরিবারের প্রধান মার্কাস সম্প্রতি চাকরি হারিয়েছেন। এরপর থেকেই তিনি বিশ্বাস করতে শুরু করেন, পৃথিবীর শেষ দিন ঘনিয়ে আসছে। তিনি বাড়ির পেছনে বাঙ্কার বানানো ও খাবার মজুত করা শুরু করেন। অন্যদিকে তার বড় মেয়ে বিয়ের প্রস্তুতি নিচ্ছে, মেজ মেয়ে দুঃস্বপ্নে ভুগছে এবং ছোট মেয়ে ব্রায়ার তার হারিয়ে যাওয়া এক সহপাঠীকে খুঁজতে গিয়ে অদ্ভুত এক ইউএফও কাল্টে জড়িয়ে পড়ে। ঠিক বড় মেয়ের বিয়ের দিন সকালেই পৃথিবীতে সেই ভয়ংকর মহাপ্রলয় নেমে আসে! চোখের পলকে চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ধ্বংস হয়ে যাওয়া লন্ডনে মিনটন পরিবারের সদস্যরা কি একে অপরকে খুঁজে পাবে? এটি কেবল পৃথিবীর ধ্বংসের গল্প নয়, বরং চরম বিপদের মুহূর্তে একটি পরিবারের টিকে থাকার এক আবেগপূর্ণ কাহিনি।
লেখক: অ্যান্ড্রু ডানা হাডসন
মূল্য: ২৯ ডলার
পৃষ্ঠা: ৪৪৮
অ্যামাজন লিংক: Absence
পৃথিবীতে হঠাৎ করেই এক অদ্ভুত মহামারি দেখা দিয়েছে। কোনো রোগ নয়, মানুষ হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে! এই রহস্যময় ঘটনার নাম দেওয়া হয়েছে স্পনটেনিয়াস হিউম্যান অ্যাবসেন্স বা আকস্মিক মানব নিখোঁজ। চোখের সামনে প্রিয়জনকে গায়েব হয়ে যেতে দেখে পুরো পৃথিবীর মানুষ হতাশায় ডুবে গেছে। ঠিক এমন এক অদ্ভুত পৃথিবীতে বাস করেন হার্ভে এলিস। তিনি ব্যুরো অব ডিপপুলেশন অ্যাফেয়ার্স বা জনসংখ্যা হ্রাস বিষয়ক দপ্তরে কাজ করেন। হার্ভেকে একটি অদ্ভুত ঘটনার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। কানসাসের এক ছোট শহরে এক নারী হঠাৎ ফিরে এসেছেন। অথচ বহু বছর আগে তিনি সবার সামনে হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন! ওই নারীর দাবি, তিনি নিখোঁজ হওয়ার পর অন্য এক অদ্ভুত জগতে ছিলেন এবং সেখান থেকেই ফিরে এসেছেন। হার্ভে কি এই গায়েব হয়ে যাওয়ার আসল রহস্য উদ্ঘাটন করতে পারবে? রহস্য ও কল্পকাহিনির এক নিখুঁত বুনন এই বই। হাওয়ায় হুট করে মিলিয়ে যাওয়া নিয়ে বাংলাতেও একটি দারুণ মৌলিক বই আছে। জ্যোতিঃপদার্থবিদ ও লেখক দীপেন ভট্টাচার্যের লেখা সেই বইয়ের নাম নক্ষত্রের ঝড়।
লেখক: নিকোলাস বিঞ্জ
মূল্য: ২৪.৯৯ ডলার
পৃষ্ঠা: ১৬০
অ্যামাজন লিংক: Abyss
বর্তমান প্রযুক্তির যুগে করপোরেট অফিসের ভয়ংকর দিক নিয়ে লেখা এই বইটি আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। জো রাইস নামে এক নিঃসঙ্গ যুবক পোনস করপোরেশন নামে এক সংস্থায় অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হিসেবে নতুন চাকরি পায়। কিন্তু বিশাল অফিসে পা রেখেই সে বুঝতে পারে, কোথাও একটা বড় গন্ডগোল আছে। অফিসের বিশাল ফ্লোর একেবারে ফাঁকা, তার ম্যানেজার সারাক্ষণ আতঙ্কে ভোগেন। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, একটি এআই চ্যাটবট তার প্রতিটা পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে! ওয়েলবট নামে এই এআই তার কাছে সম্পূর্ণ সততা দাবি করে। জো রাইসের কাজগুলো ধীরে ধীরে এক ভয়ংকর দুঃস্বপ্নে রূপ নিতে থাকে। আপনি চাইলেই এই চাকরি ছাড়তে পারবেন না, কারণ ইস্তফা দেওয়ার পরিণতি হতে পারে মৃত্যু! প্রযুক্তি, এআই এবং আধুনিক কর্মজীবনের দাসত্ব নিয়ে লেখা এই সাইকোলজিক্যাল হরর সায়েন্স ফিকশনটি আপনাকে এক অদ্ভুত আতঙ্কের জগতে নিয়ে যাবে।
লেখক: রে নেইলার
মূল্য: ২২ ইউরো
পৃষ্ঠা: ৩৮৪
অ্যামাজন লিংক: Palaces of the Crow
১৯৪১ সালের কনকনে শীতকাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে চারদিকে। নাৎসি বাহিনী ও রেড আর্মির তোপের মুখে পড়ে চার কিশোর-কিশোরী লিথুয়ানিয়ার এক প্রাচীন জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়। এদের মধ্যে আছে এক তরুণী বিজ্ঞানী, যে কাক নিয়ে গবেষণা করতে ভালোবাসত। চারপাশের ভয়ংকর মানুষ, সৈন্য ও ডাকাতের হাত থেকে বাঁচতে তারা যখন রীতিমতো যুদ্ধ করছে, তখন তাদের সাহায্য করতে এগিয়ে আসে একঝাঁক বুদ্ধিমান কাক! তবে এই কাকগুলো সাধারণ কোনো পাখি নয়। তারা মানুষের বিপদ বুঝতে পারে, সংকেত দিয়ে সতর্ক করে এবং এমন সব কাজ করে যা কোনো সাধারণ পাখির পক্ষে সম্ভব নয়। তাদের একটা বড় গোপন রহস্য আছে, যা এই চার কিশোর-কিশোরীর বেঁচে থাকার মূল চাবিকাঠি হয়ে ওঠে। ইতিহাস ও কল্পকাহিনির এক অপূর্ব সংমিশ্রণ এই বই, যেখানে যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি ফুটে উঠেছে টিকে থাকার লড়াই।
লেখক: নীল অ্যাশার
মূল্য: ২৮.৯৫ ডলার
পৃষ্ঠা: ৬৪০ (পেপারব্যাক)
অ্যামাজন লিংক: Dark Agent
মহাকাশে সামরিক অভিযান ও ভয়ংকর প্রযুক্তির গল্প পড়তে পছন্দ করেন? তাহলে নীল অ্যাশারের টাইম’স শ্যাডো ট্রিলজির দ্বিতীয় এই বইটি আপনার জন্যই। ক্যাপ্টেন ব্লাইট এবং এজেন্ট করম্যাক ভেবেছিল, তারা বুঝি স্ট্রেইজার নামে সেই ভয়ংকর কৃত্রিম বুদ্ধিমত্তাকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু তারা ভুল ছিল। স্ট্রেইজার নতুন করে এক ভয়ংকর ভাইরাসের মাধ্যমে মিউটেট করা এক এলিয়েন সেনাবাহিনী তৈরি করেছে। তার লক্ষ্য পুরো গ্যালাক্সিকে এক ভয়ংকর ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেওয়া। ব্লাইট এবং করম্যাক এখন বিশ্বাসঘাতকতা ও সহিংসতার এক ভয়ংকর চক্রে আটকে পড়েছে। তাদের পালানোর একমাত্র উপায়, নিজেদের ক্ষতিগ্রস্ত মহাকাশযানটিকে সারিয়ে তোলা। কিন্তু গ্যালাক্সির বড় বড় শক্তিগুলো যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন তারা কি পারবে এই যুদ্ধ ও সময়ের পতন ঠেকাতে? অ্যাকশন, সাসপেন্স ও স্পেস অপেরার এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা পাবেন এই বইয়ে।
লেখক: ফন্ডা লি
মূল্য: ৩০ ডলার
পৃষ্ঠা: ৫২৮
অ্যামাজন লিংক: The Last Contract of Isako
ইসাকো একজন কিংবদন্তি সামুরাই এবং ভাড়াটে তলোয়ারযোদ্ধা। কিন্তু সব কিংবদন্তিরই তো একটা শেষ থাকে! ইসাকো এক অদ্ভুত গ্রহে বাস করে, যেখানে প্রবল শীত ও বরফ ছাড়া কিছুই নেই। এই গ্রহে টাকা আর ক্ষমতাই সব। প্রভাবশালীদের হাতে মানুষের জীবন ও মৃত্যু নিয়ন্ত্রিত হয়। ইসাকোর সবচেয়ে পুরোনো মালিক যখন হঠাৎ করে অবসর নেয়, তখন ইসাকোও সিদ্ধান্ত নেয় বিদায় নেওয়ার। সে চায় তুষার ঢাকা প্রান্তরে বীরের মতো মারা যেতে, যাতে তার মৃত্যুর পর পরিবার বিপুল অর্থের মালিক হয়। কিন্তু কপালের লিখন এত সহজে মোছার নয়! তাকে তার জীবনের শেষ এবং সবচেয়ে ভয়ংকর মিশনে নামতে বাধ্য করা হয়। মৃত্যুর সঙ্গে যেখানে পদে পদে লড়তে হয়, সেখানে দাঁড়িয়ে ইসাকোকে সিদ্ধান্ত নিতে হবে, আসলে কোন জিনিসটির জন্য বেঁচে থাকা বা মারা যাওয়াটা সার্থক?