পর্যাপ্ত ঘুমের পরও সকালে ক্লান্তি লাগে কেন
রাতে সাত-আট ঘণ্টা ঘুমানোর পরও সকালে বিছানা ছাড়তে ইচ্ছা করে না অনেকের। চোখ খুললেও মনে হয়, শরীর যেন ভারী হয়ে আছে। মাথা ঝিমঝিম করে, কাজে মন বসে না। এমন পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। অথচ ঘুম হয়েছে প্রায় সাত-আট ঘণ্টা। সময়টা তো কম হয়নি। তাহলে সমস্যা কোথায়? পর্যাপ্ত ঘুমের পরও এই ক্লান্তির কারণ কী? এর উত্তর লুকিয়ে থাকতে পারে আপনার ঘুমের গভীরতা, শারীরিক অসুস্থতা কিংবা প্রতিদিনের কিছু অভ্যাসের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক।
রেস্টলেস লেগস সিনড্রোমে বিশ্রামের সময় পায়ে অস্বস্তিকর অনুভূতি হয়। পা নাড়াচড়া করলে তা কিছুটা কমে। ফলে বারবার ঘুম ভেঙে যেতে পারে।
ঘুমের সঙ্গে সুস্থতার সম্পর্ক
ঘুমের সঙ্গে শরীরের সুস্থতার সম্পর্ক বেশ গভীর। এ সময় শরীর বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিভিন্ন জৈবিক প্রক্রিয়াও পরিচালনা করে। মস্তিষ্ক সারা দিনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি গুছিয়ে নেওয়ার কাজ করে। কিন্তু ঘুমের সময় যথেষ্ট হলেও ঘুম যদি বারবার ভেঙে যায়, তাহলে সকালে উঠে ক্লান্তি অনুভব করাটাই স্বাভাবিক। আসলে কতক্ষণ ঘুম হলো, সেটাই বড় কথা নয়; ঘুম কতটা নির্বিঘ্ন হলো, সেটাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
স্লিপ অ্যাপনিয়া ও অন্যান্য ব্যাধি
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত লাগার একটি কারণ হতে পারে স্লিপ অ্যাপনিয়া। এটি এমন একধরনের ঘুমের অসুখ, যেখানে ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে আসে অথবা শ্বাসপ্রশ্বাসে বাধা তৈরি হয়। ফলে মস্তিষ্ক শরীরকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে সাহায্য করার জন্য বারবার ঘুমের গভীরতা কমিয়ে দেয়। অনেক সময় আক্রান্ত ব্যক্তি পুরোপুরি জেগে ওঠেন না। এমনকি রাতের এসব ঘটনার কথা তাঁর মনেও থাকে না। কিন্তু এতে ঘুমের স্বাভাবিক ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। ফলে সকালে ঘুম থেকে ওঠার পরও ক্লান্তি অনুভূত হয়।
ঘুমের আরও বেশ কিছু সমস্যাও একই ধরনের উপসর্গ তৈরি করে। যেমন অনিদ্রা বা ইনসমনিয়া, রেস্টলেস লেগস সিনড্রোম এবং নারকোলেপসি। রেস্টলেস লেগস সিনড্রোমে বিশ্রামের সময় পায়ে অস্বস্তিকর অনুভূতি হয়। পা নাড়াচড়া করলে তা কিছুটা কমে। ফলে বারবার ঘুম ভেঙে যেতে পারে। অন্যদিকে নারকোলেপসিতে দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব দেখা দেয়।
ঘুমের সময় যথেষ্ট হলেও ঘুম যদি বারবার ভেঙে যায়, তাহলে সকালে উঠে ক্লান্তি অনুভব করাটাই স্বাভাবিক। আসলে কতক্ষণ ঘুম হলো, সেটাই বড় কথা নয়; ঘুম কতটা নির্বিঘ্ন হলো, সেটাও গুরুত্বপূর্ণ।
শারীরিক সমস্যা ও পুষ্টির অভাব
ঘুমের ঘাটতি ছাড়াও শরীরের কিছু সমস্যার কারণে দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতায় সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, আয়রনের ঘাটতি কিংবা কিছু ভিটামিনের অভাব এর পেছনে দায়ী হতে পারে। দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণেও ঘুম থেকে ওঠার পর ক্লান্তি অনুভূত হতে পারে। এ ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা দরকার, ক্লান্তি মানেই যে শরীরে কোনো নির্দিষ্ট পুষ্টি উপাদানের অভাব রয়েছে, তা কিন্তু নয়।
একই উপসর্গের পেছনে একাধিক কারণ থাকতে পারে। তাই নিজের অনুমানের ওপর ভিত্তি করে আয়রন বা ভিটামিনের ওষুধ খাওয়ার পরিবর্তে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। চিকিৎসক উপসর্গ ও শারীরিক অবস্থা বিবেচনা করে রক্ত পরীক্ষাসহ প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।
দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণেও ঘুম থেকে ওঠার পর ক্লান্তি অনুভূত হতে পারে। এ ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা দরকার, ক্লান্তি মানেই যে শরীরে কোনো নির্দিষ্ট পুষ্টি উপাদানের অভাব রয়েছে, তা কিন্তু নয়।
ঘুমের পরিবেশ ও মেলাটোনিন হরমোন
ঘুমের পরিবেশকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। অথচ পরিপূর্ণ ঘুমের জন্য ঘরের আলো, শব্দ ও তাপমাত্রা বেশ গুরুত্বপূর্ণ। অতিরিক্ত গরম ঘর, রাস্তার যানবাহনের শব্দ কিংবা জানালা দিয়ে আসা তীব্র আলো ঘুমের মধ্যে বারবার ব্যাঘাত ঘটাতে পারে। আলোর সঙ্গে ঘুমের সম্পর্ক আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের জৈবিক ঘড়ি আলো-অন্ধকারের সংকেত অনুসরণ করে। অন্ধকার বাড়লে মস্তিষ্কে মেলাটোনিন নিঃসরণের সংকেত তৈরি হয়। মেলাটোনিন মূলত একধরনের হরমোন, যা আমাদের ঘুমের প্রস্তুতিতে সাহায্য করে। রাতে উজ্জ্বল আলো মেলাটোনিনের এই স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা তৈরি করতে পারে।
বিছানায় শুয়ে দীর্ঘ সময় ফোন চালানোর অভ্যাসও ঘুমের ক্ষতির আরেকটি বড় কারণ। শুধু ফোনের স্ক্রিনের আলোই নয়; বরং ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা কিংবা বারবার নতুন কিছু দেখার আগ্রহ ঘুমানোর সময় কমিয়ে দেয়। নিয়মিত বিছানায় ফোন ব্যবহার করলে বিছানার সঙ্গে ঘুমের বদলে জেগে থাকার অভ্যাসই তৈরি হয়। তাই ঘুমানোর আগে ফোন সরিয়ে রাখা এবং শোবার ঘর যথাসম্ভব অন্ধকার, নীরব ও আরামদায়ক রাখা জরুরি।
মেলাটোনিন মূলত একধরনের হরমোন, যা আমাদের ঘুমের প্রস্তুতিতে সাহায্য করে। রাতে উজ্জ্বল আলো মেলাটোনিনের এই স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা তৈরি করতে পারে।
খাদ্যাভ্যাস ও ক্যাফেইনের প্রভাব
রাতে কী খাচ্ছি এবং কখন খাচ্ছি, সেটিও ঘুমের মানের সঙ্গে সম্পর্কিত। ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত খাবার খেলে হজমের অস্বস্তি বা বুকজ্বালার কারণে ঘুম ব্যাহত হতে পারে। তবে এর অর্থ এই নয় যে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হবে। ঘুমানোর কাছাকাছি সময়ে ভারী খাবার এড়িয়ে চলা ভালো।
ভালো ঘুমের ক্ষেত্রে ক্যাফেইনের প্রভাবও বেশ গুরুত্বপূর্ণ। চা, কফি ও কিছু কোমল পানীয়তে থাকা ক্যাফেইন মস্তিষ্কে ঘুমের সংকেত তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। কেউ কেউ দাবি করেন, কফি খেয়েও তাঁদের খুব সহজেই ঘুম চলে আসে। কিন্তু দ্রুত ঘুমিয়ে পড়তে পারা আর ভালো মানের ঘুম হওয়া এক বিষয় নয়। ক্যাফেইন ঘুমের গভীরতা ও স্বাভাবিক ধারাবাহিকতায় প্রভাব ফেলে। তাই বিকেল বা সন্ধ্যার পর চা-কফি কমিয়ে দেওয়াই ভালো।
ভালো ঘুমের ক্ষেত্রে ক্যাফেইনের প্রভাবও বেশ গুরুত্বপূর্ণ। চা, কফি ও কিছু কোমল পানীয়তে থাকা ক্যাফেইন মস্তিষ্কে ঘুমের সংকেত তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
মানসিক চাপ ও উদ্বেগ
পরীক্ষার চাপ, কাজের চিন্তা, সম্পর্কের জটিলতা কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ—সারা দিনের এসব অভিজ্ঞতা রাতেও মস্তিষ্ককে সক্রিয় রাখে। শরীর বিছানায় থাকলেও মন তখন নানা চিন্তায় ব্যস্ত থাকে। উদ্বেগের কারণে মস্তিষ্ক থাকে অতিরিক্ত সতর্ক অবস্থায়। ফলে সহজে ঘুমিয়ে পড়া এবং গভীর ঘুম ধরে রাখার পথে তা বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘস্থায়ী মানসিক চাপ ছাড়াও বিষণ্নতা ও বাইপোলার ডিজঅর্ডারের মতো মানসিক স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে ঘুমের পরিবর্তন ও ক্লান্তির সম্পর্ক রয়েছে। তাই ঘুমের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুম উপযোগী। তবে সবার ঘুমের চাহিদা এক নয়। বয়স, শারীরিক অবস্থা ও ব্যক্তিগত পার্থক্যের কারণে কারও বেশি ঘুমের প্রয়োজনও হয়। তবে নিয়মিত দীর্ঘ সময় ঘুমানোর পরও ক্লান্তি লাগলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।
শরীর বিছানায় থাকলেও মন তখন নানা চিন্তায় ব্যস্ত থাকে। উদ্বেগের কারণে মস্তিষ্ক থাকে অতিরিক্ত সতর্ক অবস্থায়। ফলে সহজে ঘুমিয়ে পড়া এবং গভীর ঘুম ধরে রাখার পথে তা বাধা হয়ে দাঁড়ায়।
ক্লান্তি কাটাতে করণীয়
প্রথমে নিজের দৈনন্দিন অভ্যাসের দিকে নজর দিন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে ওঠা, শোবার আগে ফোন ব্যবহার কমানো, রাতে ভারী খাবার এড়িয়ে চলা এবং ঘুমের উপযোগী পরিবেশ তৈরি করা ভালো অভ্যাস। পাশাপাশি দিনে নিয়মিত শারীরিক সক্রিয়তা বজায় রাখা এবং মানসিক চাপ সামলানোর চেষ্টা করাও জরুরি।
তবে এসব পরিবর্তনের পরও যদি নিয়মিত সকালে ক্লান্তি লাগে, দিনের বেলায় অতিরিক্ত ঘুম পায় কিংবা জোরে নাক ডাকার সঙ্গে ঘুমের মধ্যে শ্বাস আটকে আসার লক্ষণ দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে ঘুমের পরীক্ষা বা রক্ত পরীক্ষার মাধ্যমে কারণ শনাক্ত করা সম্ভব।
ঘুমকে আমরা প্রায়ই দিনের কাজের ফাঁকে শরীরের বিশ্রাম নেওয়ার অংশ হিসেবে দেখি। কিন্তু ভালো ঘুম শুধু বিশ্রাম নয়, সুস্থ থাকারও একটি গুরুত্বপূর্ণ শর্ত। তাই ঘড়ির হিসাবে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি শরীর সতেজ না হয়, তাহলে ভাবতে হবে, আপনার ঘুমের মান ঠিক হয়তো ঠিক নেই।