শরতের আকাশ এত নীল, মেঘ কেন সাদা
ব্রিটিশ রোমান্টিক কবি জন কিটস তাঁর ‘টু অটাম’ কবিতায় শরৎকে দেখেছিলেন কুয়াশা, পাকা ফল আর ফসলের প্রাচুর্যে ভরা এক পরিণত ঋতু হিসেবে। বাংলার শরৎ অবশ্য আলাদা। এখানে শরৎ আসে বর্ষার ভেজা পৃথিবীর ওপর নীল আকাশ ও সাদা মেঘের ভেলা নিয়ে। ইংল্যান্ডের শরৎ যেখানে শীতের দিকে এগিয়ে যাওয়ার ঋতু, বাংলার শরৎ সেখানে বর্ষা থেকে হেমন্তে যাওয়ার এক পরিবর্তনকাল। আমাদের অনেকের মনেই প্রশ্ন উঁকি দেয়, বাংলার শরতের আকাশ এত নীল, কিন্তু মেঘ এত সাদা কেন?
আকাশের দিকে তাকালে মনে হয়, নীল রঙের এক বিশাল পর্দায় কে যেন পেঁজা তুলার মতো সাদা মেঘ ছড়িয়ে দিয়েছে। নদীর পাড়ে কাশের দোলা, ভোরের শিউলির সুবাস আর নরম আলো এই দৃশ্যকে আরও আলাদা করে তোলে।
তবে এই সৌন্দর্য শুধু কবির কল্পনা নয়। শরতের আকাশের নীল ও মেঘের সাদার পেছনে কাজ করে সূর্যের আলো, বায়ুমণ্ডলের গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা, অ্যারোসল এবং মেঘের ক্ষুদ্র জলকণার এক জটিল বিজ্ঞান। বর্ষা শেষে বায়ুমণ্ডলে এসব উপাদানের পরিমাণ ও বৈশিষ্ট্যে যে মৌসুমি পরিবর্তন ঘটে, তারও প্রভাব পড়ে আকাশের চেহারায়।
বেগুনি আলো নীল আলোর চেয়েও বেশি ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের চোখ বেগুনি রঙের চেয়ে নীল রঙের প্রতি অনেক বেশি সংবেদনশীল হওয়ায় আমরা আকাশ বেগুনি দেখি না।
নীল আকাশের রহস্য
সূর্যের আলো দেখতে সাদা হলেও এর মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের দৃশ্যমান আলো রয়েছে। বায়ুমণ্ডলে প্রবেশ করার পর এই আলো নাইট্রোজেন ও অক্সিজেনের মতো অতি ক্ষুদ্র গ্যাসের অণুর সঙ্গে মিথস্ক্রিয়া করে। এসব অণু বড় তরঙ্গদৈর্ঘ্যের আলোর চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো বেশি ছড়িয়ে দেয়। বিজ্ঞানের ভাষায় এই ঘটনাই র্যালে বিক্ষেপণ১ বা র্যালে স্ক্যাটারিং নামে পরিচিত। নীল ও বেগুনি আলো লাল আলোর তুলনায় বেশি ছড়িয়ে পড়ে। ফলে চারদিকে ছড়িয়ে পড়া নীল আলোর একটি বড় অংশ আমাদের চোখে আসে। তাই আমরা আকাশ নীল দেখি। বেগুনি আলো নীল আলোর চেয়েও বেশি ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের চোখ বেগুনি রঙের চেয়ে নীল রঙের প্রতি অনেক বেশি সংবেদনশীল হওয়ায় আমরা আকাশ বেগুনি দেখি না।
তবে এখানে একটি মজার প্রশ্ন আসতে পারে। আকাশ তো সারা বছরই নীল হওয়ার কথা। তাহলে শরতের আকাশ এত গভীর নীল মনে হয় কেন?
এর উত্তর শুধু ‘শরতে বাতাস শুষ্ক থাকে’—এভাবে দেওয়া ঠিক হবে না। কারণ, বাংলাদেশে ভাদ্র মাসের শুরুতেও বাতাসে আর্দ্রতা যথেষ্ট বেশি থাকতে পারে। বরং বর্ষার বৃষ্টি, বায়ুমণ্ডলের চলাচল এবং বাতাসে ভেসে থাকা অতি ক্ষুদ্র কণা বা অ্যারোসলের মৌসুমি পরিবর্তন—সব মিলিয়েই আকাশের স্বচ্ছতায় এই পার্থক্য তৈরি হয়।
নীল ও বেগুনি আলো লাল আলোর তুলনায় বেশি ছড়িয়ে পড়ে। ফলে চারদিকে ছড়িয়ে পড়া নীল আলোর একটি বড় অংশ আমাদের চোখে আসে। তাই আমরা আকাশ নীল দেখি।
বৃষ্টির সময় ও বৃষ্টির পর বায়ুমণ্ডলের কিছু ধুলা ও পানিতে দ্রবণীয় কণা বৃষ্টির ফোঁটার সঙ্গে নিচে নেমে আসে। এভাবে বায়ুমণ্ডল থেকে কণা দূর হওয়ার ফলে কোনো কোনো সময় বাতাস তুলনামূলক পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার বায়ুতে দূরের দৃশ্য যেমন অনেক স্পষ্ট দেখা যায়, তেমনি আকাশের নীল রংও তুলনামূলক গভীর ও উজ্জ্বল মনে হয়।
বাংলাদেশের বায়ুমণ্ডলে অ্যারোসলের মৌসুমি পরিবর্তন নিয়েও সাম্প্রতিক গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ২০২৬ সালে প্রকাশিত একটি গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের ‘অ্যারোসল অপটিক্যাল ডেপথ’ বা এওডির পরিবর্তন বিশ্লেষণ করেছেন। এওডি হলো বায়ুমণ্ডলে থাকা অ্যারোসল কতটা আলো আটকে দিচ্ছে বা ছড়িয়ে দিচ্ছে, তার একটি বৈজ্ঞানিক পরিমাপ।
২০২২ সালের দীর্ঘমেয়াদি একটি গবেষণায় ২০০৩ থেকে ২০২০ সালের স্যাটেলাইট ও পুনর্বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশে অ্যারোসলের পরিমাণ বসন্ত ও শীতের তুলনায় শরতে কম থাকে।
স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের তথ্যের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভোলার ‘অ্যারোনেট’ পর্যবেক্ষণ স্টেশনের উপাত্ত ব্যবহার করে এই ফলাফল যাচাই করা হয়েছে। মো. মনিরুল ইসলাম বিজ্ঞানচিন্তাকে বলেন, ‘গবেষণায় দেখা গেছে, বর্ষা-পরবর্তী সময়ে বাংলাদেশে অ্যারোসলের পরিমাণ তুলনামূলক কম থাকে। আর মাসের হিসাবে অক্টোবরেই এওডি সবচেয়ে কম পর্যায়ে নেমে আসে। বর্ষার পর বায়ুমণ্ডলে অ্যারোসলের পরিমাণ কমে আসাই শরতের আকাশকে তুলনামূলক স্বচ্ছ ও গভীর নীল দেখানোর অন্যতম কারণ হতে পারে।’
অন্যদিকে ২০২২ সালের দীর্ঘমেয়াদি একটি গবেষণায় ২০০৩ থেকে ২০২০ সালের স্যাটেলাইট ও পুনর্বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশে অ্যারোসলের পরিমাণ বসন্ত ও শীতের তুলনায় শরতে কম থাকে। গবেষকেরা আরও দেখেছেন, জৈব কার্বন, সালফেট ও ব্ল্যাক কার্বনসহ মানুষের তৈরি উৎসের অ্যারোসল দীর্ঘমেয়াদে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অর্থাৎ শরতের নীল আকাশের গল্পে বৃষ্টির পর বায়ু পরিষ্কার হওয়ার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাতাসে কতটা ক্ষুদ্র কণা ভাসছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
নীল আলোর স্বাতন্ত্র্য কমে যায় এবং আকাশ ফ্যাকাশে, সাদাটে বা ধোঁয়াশাপূর্ণ দেখাতে পারে। বায়ুমণ্ডলে অ্যারোসলের পরিমাণ বেশি থাকলে দূরের দৃশ্যও ঝাপসা হয়ে যায় এবং আকাশের স্বচ্ছতা কমে আসে।
ধুলা ও দূষণ আকাশের নীল কেড়ে নেয় কীভাবে
বায়ুমণ্ডলে শুধু গ্যাসের অণুই থাকে না। এর পাশাপাশি ধুলা, ধোঁয়া, কালো কার্বন, লবণের কণা, সালফেটসহ নানা ধরনের অতি ক্ষুদ্র কণা বা অ্যারোসল ভেসে থাকে। এসব কণা গ্যাসের অণুর তুলনায় অনেক বড়। ফলে আলো যখন এদের সঙ্গে মিথস্ক্রিয়া করে, তখন তার আচরণও ভিন্ন হয়।
তুলনামূলক বড় কণার ক্ষেত্রে মি বিক্ষেপণ২ বা মি স্ক্যাটারিং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের বিক্ষেপণে দৃশ্যমান আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য তুলনামূলকভাবে কাছাকাছি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে। ফলে নীল আলোর স্বাতন্ত্র্য কমে যায় এবং আকাশ ফ্যাকাশে, সাদাটে বা ধোঁয়াশাপূর্ণ দেখাতে পারে। বায়ুমণ্ডলে অ্যারোসলের পরিমাণ বেশি থাকলে দূরের দৃশ্যও ঝাপসা হয়ে যায় এবং আকাশের স্বচ্ছতা কমে আসে।
এখানে জলীয় বাষ্পেরও ভূমিকা আছে। আর্দ্র পরিবেশে কিছু অ্যারোসল জলীয় বাষ্প শোষণ করে আকারে বড় হয়ে যায়। কণার এই আকার পরিবর্তনের ফলে আলো কীভাবে ছড়িয়ে পড়বে বা শোষিত হবে, তাতেও পরিবর্তন আসে। অর্থাৎ বাতাসের আর্দ্রতা শুধু মেঘ তৈরির সঙ্গেই সম্পর্কিত নয়; এটি বায়ুমণ্ডলে ভেসে থাকা ক্ষুদ্র কণার আকার এবং আলোর সঙ্গে তাদের মিথস্ক্রিয়াকেও প্রভাবিত করে। ফলে আর্দ্রতার পরিবর্তন বায়ুমণ্ডলের স্বচ্ছতা ও আকাশের দৃশ্যমান চেহারায়ও প্রভাব ফেলতে পারে।
তাই শরতের নীল আকাশ শুধু প্রকৃতির সৌন্দর্যের বিষয় নয়; এটি অনেকাংশে বায়ুমণ্ডলের স্বচ্ছতারও একটি দৃশ্যমান প্রকাশ। বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণার পরিমাণ ও বৈশিষ্ট্য বদলালে আকাশের রং, দূরের দৃশ্যমানতা এবং মেঘের দৃশ্যমান চেহারাতেও এর প্রভাব পড়তে পারে।
আর্দ্র পরিবেশে কিছু অ্যারোসল জলীয় বাষ্প শোষণ করে আকারে বড় হয়ে যায়। কণার এই আকার পরিবর্তনের ফলে আলো কীভাবে ছড়িয়ে পড়বে বা শোষিত হবে, তাতেও পরিবর্তন আসে।
এবার সাদা মেঘের পালা
নীল আকাশের বুকে যে সাদা মেঘ ভেসে থাকে, তার রহস্যও লুকিয়ে আছে আলোতেই। বায়ুতে ভাসমান অসংখ্য ক্ষুদ্র জলকণা বা বরফকণা দিয়ে মেঘ তৈরি হয়। জলীয় বাষ্পযুক্ত বাতাস ওপরে উঠে ঠান্ডা হলে একসময় তা ঘনীভূত হয়ে এসব ক্ষুদ্র জলকণা তৈরি করে। সমুদ্র, নদী, হ্রদ ও মাটি থেকে বাষ্পীভূত হওয়া পানি বাতাসের সঙ্গে ওপরে উঠে যায়। ওপরে বায়ু প্রসারিত হয়ে ঠান্ডা হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে।
মেঘের জলকণাগুলো বায়ুর নাইট্রোজেন বা অক্সিজেনের অণুর তুলনায় অনেক বড় হয়। তাই এদের মাধ্যমে আলোর বিক্ষেপণের ধরনও আলাদা। মেঘের অসংখ্য জলকণা সূর্যের দৃশ্যমান আলোর বিভিন্ন রংকে প্রায় সমানভাবে ছড়িয়ে দেয়।
ফলে লাল, কমলা, হলুদ, সবুজ ও নীল—বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো মিলেমিশে আমাদের চোখে সাদা আলো হিসেবে পৌঁছায়।
মেঘের ভেতরে আলো একবার বিক্ষিপ্ত হয়েই থেমে যায় না। একটি জলকণা থেকে ছড়িয়ে পড়া আলো আবার অন্য জলকণায় গিয়ে বিক্ষিপ্ত হতে পারে। এভাবে মেঘের ভেতরে আলো বহুবার ছড়িয়ে পড়ে। আলোর এই বহুগুণ বিক্ষেপণই মেঘের উজ্জ্বল শুভ্রতা বা সাদার অন্যতম কারণ।
বায়ুতে ভাসমান অসংখ্য ক্ষুদ্র জলকণা বা বরফকণা দিয়ে মেঘ তৈরি হয়। জলীয় বাষ্পযুক্ত বাতাস ওপরে উঠে ঠান্ডা হলে একসময় তা ঘনীভূত হয়ে এসব ক্ষুদ্র জলকণা তৈরি করে।
তাহলে বর্ষার মেঘ কালো বা ধূসর দেখায় কেন
কারণ মেঘ যত ঘন ও পুরু হয়, তার ভেতর দিয়ে সূর্যের আলো তত কম আমাদের চোখে পৌঁছায়। মেঘের নিচ থেকে তাকালে দেখা যায়, ঘন মেঘের ভেতর দিয়ে সরাসরি বা ছড়িয়ে আসা আলোও তুলনামূলক কম পৌঁছাচ্ছে।
ফলে ওপর থেকে সাদা দেখালেও নিচের দিক থেকে সেই মেঘ ধূসর বা কালচে মনে হতে পারে। এর বিপরীতে পাতলা বা তুলনামূলক কম ঘন মেঘে আলো সহজে ছড়িয়ে পড়ে এবং নিচে পৌঁছায় বলে সেগুলো অনেক বেশি উজ্জ্বল ও সাদা দেখায়।
আমরা আকাশে যে সাদা মেঘের ভেলা দেখি, তার পেছনেও রয়েছে মেঘের ক্ষুদ্র জলকণা, তাদের আকার ও সংখ্যা, মেঘের বিন্যাস এবং সূর্যের আলোর সঙ্গে তাদের জটিল মিথস্ক্রিয়া।
শরতের মেঘ কি সত্যিই অন্য রকম
শরতের আকাশে আমরা যে বিচ্ছিন্ন, তুলার মতো মেঘ দেখি, সেগুলোর অনেকটাই স্থানীয় বায়ুমণ্ডলীয় পরিস্থিতিতে তৈরি হওয়া ছোট ও মাঝারি আকারের মেঘ। বিজ্ঞানের ভাষায় শরতের আকাশের এই পেঁজা তুলার মতো মেঘগুলোকে বলা হয় কিউমুলাস মেঘ। এগুলো সাধারণত পরিষ্কার ও সুন্দর আবহাওয়ার পূর্বাভাস দেয়। এগুলোকে শুধু ‘শরতের মেঘ’ বললে অবশ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা অসম্পূর্ণ থেকে যায়। মেঘের ধরন ও আকার মূলত নির্ভর করে বাতাসের উত্থান, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুমণ্ডলের স্থিতিশীলতা এবং বিভিন্ন উচ্চতায় বায়ুর অবস্থার ওপর।
মেঘের আকার ও বিন্যাসের সঙ্গেও সূর্যের আলোর বিচ্ছুরণের সম্পর্ক রয়েছে। অগভীর স্তরের ছোট ছোট মেঘ আকাশে কীভাবে ছড়িয়ে বা গুচ্ছবদ্ধ হয়ে থাকে, তার ওপর ভিত্তি করে মেঘের ভেতরে আলোর চলাচলও কিছুটা বদলে যেতে পারে।
মেঘের জলকণার সংখ্যা, আকার ও ঘনত্বের পাশাপাশি মেঘগুলো পরস্পরের কতটা কাছাকাছি রয়েছে, সেটিও আকাশ থেকে প্রতিফলিত ও ছড়িয়ে আসা আলোর পরিমাণে প্রভাব ফেলতে পারে।
অর্থাৎ আমরা আকাশে যে সাদা মেঘের ভেলা দেখি, তার পেছনেও রয়েছে মেঘের ক্ষুদ্র জলকণা, তাদের আকার ও সংখ্যা, মেঘের বিন্যাস এবং সূর্যের আলোর সঙ্গে তাদের জটিল মিথস্ক্রিয়া। প্রকৃতির সহজ-সুন্দর এই দৃশ্যের পেছনে তাই কাজ করে বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞানের বেশ জটিল এক প্রক্রিয়া।
মেঘের জলকণার সংখ্যা, আকার ও ঘনত্বের পাশাপাশি মেঘগুলো পরস্পরের কতটা কাছাকাছি রয়েছে, সেটিও আকাশ থেকে প্রতিফলিত ও ছড়িয়ে আসা আলোর পরিমাণে প্রভাব ফেলতে পারে।
নীলের ওপর সাদার এই খেলা
শরতের আকাশের সৌন্দর্যের একটি বড় কারণ আসলে এই রঙের বৈপরীত্য। পরিষ্কার আকাশে বায়ুর অণুর কারণে নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ে। সেই নীল পটভূমির সামনে মেঘের অসংখ্য জলকণা সূর্যের দৃশ্যমান আলোর বিভিন্ন রং প্রায় সমানভাবে ছড়িয়ে দেয়। ফলে মেঘকে সাদা দেখায় এবং নীল আকাশের সঙ্গে সাদার পার্থক্য আমাদের চোখে আরও স্পষ্ট হয়ে ওঠে।
তাই শরতের আকাশকে শুধু নীল আর মেঘকে শুধু সাদা বললে এর পেছনের মূল বিজ্ঞান ধরা পড়ে না। নীল আকাশের গল্পে আছে র্যালে স্ক্যাটারিং, অ্যারোসল ও বায়ুর স্বচ্ছতার কথা; অন্যদিকে সাদা মেঘের গল্পে আছে ক্ষুদ্র জলকণা, মি স্ক্যাটারিং এবং আলোর বহুগুণ বিক্ষেপণের কথা।
বাংলাদেশের শরতের আকাশে এই দুইয়ের সঙ্গে যুক্ত হয় বর্ষাপরবর্তী বায়ুমণ্ডলের পরিবর্তন। দীর্ঘ বৃষ্টির পর কোনো কোনো সময় বায়ুমণ্ডলে অ্যারোসলের পরিমাণ কমে যেতে পারে। তুলনামূলক স্বচ্ছ বাতাস, নীল আকাশ এবং সূর্যের আলোয় উজ্জ্বল মেঘ মিলেই তৈরি করে সেই চেনা দৃশ্য—গভীর নীল আকাশে পেঁজা তুলার মতো সাদা মেঘ।
নীল আকাশের গল্পে আছে র্যালে স্ক্যাটারিং, অ্যারোসল ও বায়ুর স্বচ্ছতার কথা; অন্যদিকে সাদা মেঘের গল্পে আছে ক্ষুদ্র জলকণা, মি স্ক্যাটারিং এবং আলোর বহুগুণ বিক্ষেপণের কথা।
কবি হয়তো শরতের আকাশ দেখে মেঘের ভেলা কল্পনা করেন। কিন্তু বিজ্ঞানী সেখানে দেখেন সূর্যালোক, বায়ুর অণু, অ্যারোসল ও জলকণার এক জটিল মিথস্ক্রিয়া। সৌন্দর্য ও বিজ্ঞানের এই দুই ব্যাখ্যা পরস্পর বিরোধী নয়। বরং বিজ্ঞান জানলে শরতের আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হওয়ার কারণ আরও বেড়ে যায়।