মিশন এনসেলাডাস - ২

১৪ আগস্ট ২০৩৩, পৃথিবী

সংবাদ সম্মেলন শুরু হলো পদার্থবিদ স্টিফেন হকিংয়ের সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দিয়ে। অথচ তিনি মারা গেছেন পনেরো বছর আগে। আয়োজকেরা হকিংয়ের লেখার একটি সংকলন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, হকিং বেঁচে থাকলে এই প্রকল্প নিয়ে যতটা উৎসাহ দেখাতেন, এআইয়ের কথাতেও যেন সেই একই উৎসাহ ফুটে ওঠে। জনপ্রিয় ও শ্রদ্ধেয় এই বিজ্ঞানীর সম্ভাব্য প্রতিক্রিয়া যেন তাঁর নিজের কণ্ঠেই শোনা যায়।

টাইম ম্যাগাজিন কীভাবে যেন আগেভাগেই এই আয়োজনের খবর পেয়ে গিয়েছিল। তাদের মলাট কাহিনিতে ঘোষণা করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এমন এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করতে যাচ্ছে, যা সবাইকে অবাক করে দেবে।  বিজ্ঞানীদের কথাবার্তা শুনে ফেলেছিলেন হয়তো কোনো সাংবাদিক। খবরের শিরোনাম ছিল বড় বড় অক্ষরে, ‘মহাকাশে প্রাণের সন্ধান, আমরা একা নই।’ তবে শিরোনাম যতটা আকর্ষণীয়, বাস্তবতা ততটা সহজ ছিল না। এমআইটির একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বিজ্ঞানসাময়িকী নেচার ও সায়েন্স যৌথভাবে। কিন্তু ঠিক কী কারণে এই সংবাদ সম্মেলন, তা নিয়ে প্রতিবেদনে শুধু কিছুটা আভাস দেওয়া হয়েছিল। মার্টিন সরাসরি অনুষ্ঠানটি না দেখে সময় নিয়ে রেকর্ডিং দেখছিলেন, যেন প্রয়োজনমতো থামিয়ে শুনতে পারেন।

আরও পড়ুন
অন্য নারী ভ্রু কুঁচকে বললেন, ‘আহা, কিন্তু এটি তো প্রাকৃতিক নিয়মেই একটি ছোট পাথর থেকে বড় হয়েছে। ঠিক প্রকৃতির মধ্যে নয়, গবেষণাগারে। তবে আপনার ইঁদুরটি নিশ্চয়ই নর্দমায় জন্মায়নি।'

এআইয়ের মাধ্যমে হকিংয়ের সেই কৃত্রিম বক্তব্যের পর দুই বিজ্ঞান সাময়িকীর প্রধান নারী সম্পাদকেরা আলোচনায় বসলেন। তাঁদের কথাবার্তা শুধু সামনে বসা বিজ্ঞানীদের উদ্দেশে নয়, বরং সারা বিশ্বের মানুষের জন্য। নেচার সাময়িকীর প্রধান সম্পাদকের বয়স সায়েন্স সাময়িকীর সম্পাদকের চেয়ে অন্তত বিশ বছর বেশি। তিনি সঙ্গে একটি ল্যাবের ইঁদুর নিয়ে এসেছিলেন। ওটা বেশ শান্তভাবেই বসে আছে তাঁর কাধে।

‘প্রাণ কী?’ তিনি প্রথমে দর্শকদের দিকে, তারপর পাশে বসা সহকর্মীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। কাঁধ থেকে ইঁদুরটিকে হাতে নিয়ে আদর করতে করতে আবার বললেন, ‘এই ছোট্ট প্রাণীটা কি জীবিত?’

‘হ্যাঁ, অবশ্যই। এটা যে জীবিত, তা তো দেখেই বোঝা যাচ্ছে।’ ল্যাব কোটের পকেটে হাত ঢোকাতে ঢোকাতে বললেন সায়েন্স সাময়িকীর সম্পাদক।

মার্টিনের কাছে তাঁদের এই পোশাক বেশ হাস্যকর মনে হলো। প্রধান সম্পাদকেরা তো গবেষণাগারে কাজ করেন না, তাঁদের কাজ অফিসে। 

সায়েন্স সাময়িকীর সম্পাদক পকেট থেকে বেশ বড় আকারের একটি সবুজ পাথর বের করে বললেন, ‘এই চমৎকার পান্নাটি কি জীবিত?’ 

‘মোটেই না!’ নেচার সাময়িকীর সম্পাদক পাথরের দিকে তাকালেনও না, বরং সমর্থনের আশায় দর্শকদের দিকে তাকিয়ে কথাটা বললেন।

অন্য নারী ভ্রু কুঁচকে বললেন, ‘আহা, কিন্তু এটি তো প্রাকৃতিক নিয়মেই একটি ছোট পাথর থেকে বড় হয়েছে। ঠিক প্রকৃতির মধ্যে নয়, গবেষণাগারে। তবে আপনার ইঁদুরটি নিশ্চয়ই নর্দমায় জন্মায়নি। আমার এই পাথরটি যখন বেড়ে উঠেছিল, তখন এটি নিজের ভেতরে একধরনের শৃঙ্খলা তৈরি করেছে। সঙ্গে চারপাশের পরিবেশে বাড়িয়ে দিয়েছে বিশৃঙ্খলা। এগুলো তো প্রাণের বৈশিষ্ট্য নয়, তাই না?’

আরও পড়ুন
‘প্রাণ কী?’ তিনি প্রথমে দর্শকদের দিকে, তারপর পাশে বসা সহকর্মীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। কাঁধ থেকে ইঁদুরটিকে হাতে নিয়ে আদর করতে করতে আবার বললেন, ‘এই ছোট্ট প্রাণীটা কি জীবিত?’

‘প্রাণের সংজ্ঞা নিয়ে একটা সমস্যা আছে।,’ ব্যাখ্যা করলেন নেচার সাময়িকীর সম্পাদক। ‘কোনো কিছুকে নড়াচড়া করতে দেখলেই ভাবো, ওটার প্রাণ আছে। কারণ প্রাণ দেখতে কেমন হওয়া উচিত, সে সম্পর্কে তোমার আগে থেকেই ধারণা আছে।’

‘তার মানে, সেটি দেখতে আপনার মতো হতে হবে!’ জবাব দিলেন সায়েন্স সাময়িকীর অপেক্ষাকৃত তরুণ সম্পাদক।

মার্টিনের কাছে পুরো আয়োজনটাই ক্রমশ হাস্যকর হয়ে উঠছিল। কিন্তু তিনি জানতেন, বিজ্ঞান গবেষণার জন্য টাকার প্রয়োজন। অনেক অনেক টাকা। তিনি আরও জানেন, ভোটাররা কোনো গবেষণাকে সাদরে গ্রহণ করলেই কেবল রাজনীতিবিদেরা বড় অঙ্কের গবেষণা অনুদান অনুমোদন করেন। 

‘একটি রোবট সভ্যতার কথা কল্পনা করুন,’ আবার শুরু করলেন নেচার সাময়িকীর সম্পাদক। ‘বিজ্ঞান কল্পকাহিনিতে এমন অনেক উদাহরণ আছে। কোনো ভিনগ্রহী প্রাণী যদি পৃথিবীতে একটি মহাকাশযান পাঠায় এবং সেখান থেকে একটি গাড়ি দেখতে পায়, তাহলে তারা কাকে জীবিত বলে মনে করবে? গাড়িটিকে, নাকি চালককে? তাদের বিশ্লেষণে কী এমন ধারণা আসতে পারে না যে, পৃথিবী এক বুদ্ধিমান গাড়ির সভ্যতার দখলে? আর নিজেদের বংশবিস্তার করতে গাড়িগুলো কিছু জৈবিক যন্ত্র বানিয়ে নিয়েছে?’

সায়েন্স সাময়িকীর সম্পাদক কাঁধ ঝাঁকালেন, কিন্তু কিছু বললেন না।

‘আসলে আমি শুধু বোঝাতে চেয়েছি, আমাদের গবেষকেরা এত দিন কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, এবং এখনো হচ্ছেন। দয়া করে তাঁদের ফলাফলকে সঠিক প্রেক্ষাপটে বিবেচনা করবেন। এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ড. ড্যানিয়েল শ্রাইভার আমাদের কিছু বিষয় বুঝিয়ে বলবেন। ইএলএফ নভোযান আসলে কী খুঁজে পেয়েছে, সে ব্যাপারে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই।’

আরও পড়ুন
‘আসলে আমি শুধু বোঝাতে চেয়েছি, আমাদের গবেষকেরা এত দিন কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, এবং এখনো হচ্ছেন। দয়া করে তাঁদের ফলাফলকে সঠিক প্রেক্ষাপটে বিবেচনা করবেন।'

ড. শ্রাইভার দর্শকদের সামনে এসে দাঁড়ালেন। প্রথমেই চশমাটা ঠিক করে নিলেন। তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল, এই সাজানো নাটকটা তাঁর খুব একটা পছন্দ হয়নি। তবু প্রয়োজনের তাগিদে তাঁকে এর সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।

তিনি তাঁর বক্তব্য শুরু করলেন সেই সময়ের কথা দিয়ে, যখন ইএলএফ মহাকাশযান প্রথমবারের মতো ডেটা পাঠিয়েছিল। ইএলএফের পুরো নামও জানিয়ে দিলেন—এনসেলাডাস লাইফ ফাইন্ডার। তারপর ব্যাখ্যা করলেন, কোন কোন যন্ত্র কী ধরনের অণুর রূপ ও কী পরিমাণ উপস্থিতি শনাক্ত করেছিল। জানালেন, কীভাবে এনহ্যান্সড কসমিক ডাস্ট অ্যানালাইজার বা ইসিডিএ উষ্ণ প্রসবণের মতো ফোয়ারার হাইড্রোকার্বন যৌগ শনাক্ত করেছিল। ল্যান্ডারের একটি বিশেষ যন্ত্র কীভাবে ওপরিভাগের বরফের এক মিটারেরও কম নিচে লিপিডের সন্ধান পেয়েছিল। মাস স্পেকট্রোমিটার এবং ফ্লুরোসেন্স ডিটেক্টরে অ্যামিনো অ্যাসিডের কী কী সংকেত পাওয়া গেছে, তাও দেখালেন তিনি। 

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ড. শ্রাইভার জানিয়েছেন, গবেষক দল বিশেষ কিছু কম্পিউটার সিমুলেশন ব্যবহার করেছে। এসব সিমুলেশনের ফল বিশ্লেষণ করে তাঁরা সিদ্ধান্তে পৌঁছেছেন, পদার্থগুলোর উৎপত্তি সম্ভবত কোনো জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। অর্থাৎ, এগুলো এলোমেলো কোনো প্রাকৃতিক শক্তির প্রভাবে তৈরি হয়নি। বরং আরও সুশৃঙ্খল গঠনের একটি ধারাবাহিক প্রক্রিয়ায় এগুলোর সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ায় ধীরে ধীরে শৃঙ্খলা বেড়েছে, যা ক্ষয় ও ধ্বংসের প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত।

আরও পড়ুন
ড. শ্রাইভার তাঁর বক্তব্য শুরু করলেন সেই সময়ের কথা দিয়ে, যখন ইএলএফ মহাকাশযান প্রথমবারের মতো ডেটা পাঠিয়েছিল। ইএলএফের পুরো নামও জানিয়ে দিলেন—এনসেলাডাস লাইফ ফাইন্ডার।

‘এই কারণেই আমি আগের বক্তার একটি বক্তব্য একটু সংশোধন করতে চাই। আমরা প্রাণের নিশ্চিত চিহ্ন খুঁজে পেয়েছি। আপনারা যে ইঁদুরটির কথা বলছিলেন, তার হজমের পর তৈরি হওয়া বর্জ্য পদার্থই আমাদের মহাকাশযান শনাক্ত করেছে। এখন শুধু ছোট্ট প্রাণীটিকে হাতেনাতে ধরতে পারলেই হলো!’

এতক্ষণ যে কাগজটি দেখে পড়ার ভান করছিলেন, সেটি নামিয়ে রাখলেন ড. শ্রাইভার। চশমাটা আবার নাকের ওপর তুলে দর্শকদের দিকে তাকিয়ে পলক ফেললেন। দর্শকেরাও তাঁকে প্রাপ্য করতালিতে অভিনন্দন জানাল। কথাগুলো শুনে মার্টিনের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা শিহরণ নেমে গেল। ভবিষ্যতের চিত্রটা যেন আগাম দেখতে পেলেন। মনে মনে ভাবলেন, একদিন কাউকে না কাউকে ১২০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে এনসেলাডাসে গিয়ে অনুসন্ধান চালাতে হবে। ঠিক সেই মুহূর্তে কেউ যদি ভবিষ্যদ্বাণী করত, মার্টিন নিজেও একদিন সেই দলের সদস্য হবেন, তাহলে তিনি হয়তো মায়াবি হাসি হেসে বলতেন, লোকটার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে।

অবশ্য এই ঘোষণার পর পৃথিবী চিরতরে বদলে গেল। পৃথিবীর বাইরেও যে প্রাণের বিকাশ ঘটেছে, এই নিশ্চয়তার খবর সবাই একভাবে নেয়নি। সাধারণ মানুষের বড় একটি অংশ নতুন এই আবিষ্কারে দারুণ উচ্ছ্বসিত হয়ে উঠল। সেই সময়ের জনপ্রিয় সংস্কৃতিতেও নানাভাবে ছাপ পড়ল এই উন্মাদনার। কোকা-কোলা তাদের চিরচেনা কাচের বোতলের আকৃতি বদলে ফেলল। বিজ্ঞানীরা কী খুঁজে পেয়েছেন, তা দেখানো হলো নানা প্রামাণ্যচিত্রে।

আরও পড়ুন
ঠিক সেই মুহূর্তে কেউ যদি ভবিষ্যদ্বাণী করত, মার্টিন নিজেও একদিন সেই দলের সদস্য হবেন, তাহলে তিনি হয়তো মায়াবি হাসি হেসে বলতেন, লোকটার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে।

অবশ্য কিছু ক্ষেত্রে প্রযোজক ও সাংবাদিকেরা দর্শকদের আকর্ষণ করতে যা দেখানো জরুরি মনে করেছিল, সেগুলোই দেখিয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে জীববিজ্ঞানের শিক্ষার্থীদের ভিড় বাড়তে লাগল। নভোচারী হওয়ার প্রশিক্ষণ নিতে নাসায় জমা পড়ল অসংখ্য আবেদন। সামরিক বাহিনীরও লাভ হলো। কারণ, অনেকের ধারণা ছিল, যুদ্ধবিমানের পাইলটদের মহাকাশে যাওয়ার সুযোগ অন্যদের চেয়ে বেশি।

তবে বিশ্বজুড়ে মহাকাশ গবেষণা সংস্থাগুলো আশ্চর্যজনকভাবে চুপ ছিল। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি কোনো মানুষবাহী অভিযানের প্রস্তুতি নেয়নি। এমনকি তেমন কোনো পরিকল্পনাও তাদের নেই। রুশদের থেকেও কেউ কিছু আশা করেনি। ইউক্রেন দখলের পর থেকে পরবর্তী এক দশক বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকার কারণে দেশটি অর্থসংকটে ভুগছিল। চীনের কাছ থেকেও কোনো পরিকল্পনার কথা শোনা যায়নি। অথচ জাঁকজমকপূর্ণ প্রকল্পের পেছনে বিপুল অর্থ খরচ করতে দেশটির জুড়ি নেই। মার্টিনের মতো মহাকাশপ্রেমীরা প্রথমে ভীষণ হতাশ হয়েছিল। তবে পরে বোঝা গেল, এই নীরবতা ছিল একটি চতুর কৌশল।

শুরুতে সরকারি সংস্থাগুলোর এই অনাগ্রহের সুযোগটা লুফে নিল বেসরকারি মহাকাশ কোম্পানিগুলো। দেখা গেল, বড় প্রতিষ্ঠানগুলোর আগে থেকেই গভীর মহাকাশ অভিযানের পরিকল্পনা তৈরি করা ছিল। স্পেসএক্সের অনেক আগেই ১০০ নভোচারী নিয়ে মঙ্গল গ্রহে পৌঁছানোর কথা ছিল। এই অভিযানের জন্য তৈরি তাদের মহাকাশযানটির কাজও ৯০ শতাংশ শেষ। তখন প্রতিষ্ঠানটি প্রস্তাব দিল, সেটিকে একটু বদলে ছোট একটি দল নিয়ে অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার উপযোগী করা হবে। ব্লু অরিজিন নাসার পুরোনো একটি প্রকল্পের ধুলো ঝেড়ে আবার কাজে লাগাল। প্রকল্পটির নাম ট্রান্সহ্যাব। তারা পরিকল্পনা করল, নিউ গ্লেন নামের তিন ধাপের রকেট দিয়ে সেটিকে মহাকাশে পাঠাবে।

আরও পড়ুন
শুরুতে সরকারি সংস্থাগুলোর এই অনাগ্রহের সুযোগটা লুফে নিল বেসরকারি মহাকাশ কোম্পানিগুলো। দেখা গেল, বড় প্রতিষ্ঠানগুলোর আগে থেকেই গভীর মহাকাশ অভিযানের পরিকল্পনা তৈরি করা ছিল।

অন্যদিকে মালয়েশিয়ার উদ্যোক্তা আমিরুল বিন ইউসুফ ঘোষণা দিলেন, এশিয়ার বিভিন্ন দেশের নভোচারীদের নিয়ে একটি দল গঠন করে এনসেলাডাসে প্রাণের প্রকৃতি খুঁজবেন তিনি। গত ১৫ বছরে একের পর এক বড় বড় প্রতিষ্ঠান কিনে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন এই ভদ্রলোক। সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একসময়ের মহাকাশ ও উড়োজাহাজ নির্মাণশিল্পের শীর্ষ প্রতিষ্ঠান বোয়িংও ছিল।

প্রথম কয়েক সপ্তাহ সবাই নতুন এই উদ্যোগ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিল। কিন্তু ধীরে ধীরে সমালোচনার সুরও শোনা যেতে লাগল। বিভিন্ন গণমাধ্যমের তখন বেশ খারাপ অবস্থা। তাদের প্রামাণ্যচিত্র ও ফিচারের পাঠক কমছিল। দর্শকেরাও নতুন কিছুর জন্য মুখিয়ে ছিল। তাই গণমাধ্যমগুলো এই সমালোচকদের কথা বলার জন্য প্রচুর সময় দিতে লাগল।

হঠাৎ করেই জীববিজ্ঞানীরা টক শো সঞ্চালকদের তীক্ষ্ণ সব প্রশ্নের মুখে পড়ে গেলেন। প্রশ্নগুলো বৈজ্ঞানিকভাবে অবাস্তব হলেও সাধারণ মানুষের বুঝতে কোনো অসুবিধা হতো না। নতুন এই প্রাণ কি আমাদের সবার জন্য বিপদ ডেকে আনতে পারে না? মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও যে কোষ বেঁচে থাকতে পারে, তা কি পৃথিবীর দুর্বল ও নাজুক প্রাণীদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে না? শনির এই উপগ্রহে কি এমন কোনো ঘুমন্ত দানব লুকিয়ে আছে, যার ঘুম ভেঙে যেতে পারে আমাদের অভিযানের কারণে? আর তেমন কিছু ঘটলে তার পরিণতি যে কী হবে, তা কি আমরা জানি?

মানুষ বিপদে পড়লে রাষ্ট্রের কাছ থেকে সাহায্য পেতে ভালোবাসে। কিন্তু উদ্যোক্তাদের সহজে মানুষ বিশ্বাস করতে পারে না। কারণ, তারা হয়তো দেশের কিংবা পৃথিবীর স্বার্থের চেয়ে নিজেদের লাভের কথাই বেশি ভাববে।

আরও পড়ুন
হঠাৎ করেই জীববিজ্ঞানীরা টক শো সঞ্চালকদের তীক্ষ্ণ সব প্রশ্নের মুখে পড়ে গেলেন। প্রশ্নগুলো বৈজ্ঞানিকভাবে অবাস্তব হলেও সাধারণ মানুষের বুঝতে কোনো অসুবিধা হতো না।

মার্টিনের মনে হলো, মহাকাশ গবেষণা সংস্থাগুলো যেন এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। বেইজিংয়ে আয়োজিত এক যৌথ অনুষ্ঠানে তারা বিশ্বের সামনে চীন, ইউরোপ, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা তুলে ধরল। অনুষ্ঠানটির শেষে হাজির করা হলো এক বিশেষ অতিথিকে। তিনি রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান। তিনি ঘোষণা দিলেন, মানবজাতির এই বিশাল স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে পেরে তাঁরা আনন্দিত। আন্তর্জাতিক অঙ্গনে আবার ফিরে আসার সুযোগ পেয়ে তাঁরা খুশি।

তবে এত অল্প সময়ে বিস্তারিত কোনো পরিকল্পনা তৈরি করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও সরকারি মহাকাশ গবেষণা সংস্থাগুলো বেশ কিছু নিয়মকানুনের কথা জানাল। এসব নিয়মের মূল উদ্দেশ্য ছিল, পৃথিবীতে যেন কোনোভাবেই ভিনগ্রহের জীবাণু বা দূষণ ছড়িয়ে না পড়ে। একই সঙ্গে তারা নিশ্চিত করল, অভিযানে অংশ নেওয়া নভোচারীদের বাকি জীবন মঙ্গল গ্রহে আটকে থাকতে হবে না। অবশ্য যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্য এমনটাই দাবি করেছিলেন।

এ ছাড়া অভিযানের খরচ, প্রয়োজনীয় সম্পদ এবং সবচেয়ে বড় কথা, এর কৃতিত্ব কীভাবে ভাগাভাগি হবে, সে বিষয়েও বিস্তারিত চুক্তি করেছিল সংস্থাগুলো। কোনো একটি দেশ যেন অন্যদের চেয়ে বেশি সম্মান বা খ্যাতি না পায়, সেটিও নিশ্চিত করতে চেয়েছিল তারা।

আরও পড়ুন
তা সত্ত্বেও সরকারি মহাকাশ গবেষণা সংস্থাগুলো বেশ কিছু নিয়মকানুনের কথা জানাল। এসব নিয়মের মূল উদ্দেশ্য ছিল, পৃথিবীতে যেন কোনোভাবেই ভিনগ্রহের জীবাণু বা দূষণ ছড়িয়ে না পড়ে।

এরপর বিশেষজ্ঞরা মিলে অভিযানের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করার কাজে নামলেন। মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো তাঁরা প্রতিশ্রুতি দিলেন, অর্থ কোনো সমস্যা হবে না। তবে অভিযানের খরচ ৮০ বিলিয়ন ডলারের বেশি না হওয়াই ভালো। প্রয়োজনে সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ করা যেতে পারে। বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোও দ্রুত বুঝে গেল, এই অভিযানে তাদের ভূমিকা হবে মূলত অর্থের বিনিময়ে সেবা সরবরাহ করা।

কারণ, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তখনো আশ্বস্ত করার মতো কোনো পরিকল্পনা দিতে পারেনি। শনি গ্রহে যেতে একটি মহাকাশযানের মঙ্গল গ্রহে যাওয়ার চেয়ে প্রায় ছয় গুণ বেশি সময় লাগবে। স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক তাঁর ‘হার্ট অব গোল্ড’ মহাকাশযানের জন্য যেখানে ১২০ দিনের যাত্রাপথের হিসাব করেছিলেন, সেখানে শনিতে পৌঁছাতেই লাগবে দুই বছর। এত দীর্ঘ সময় মহাকাশে ওজনহীন অবস্থায় থাকতে হবে নভোচারীদের। সেই সঙ্গে মোকাবিলা করতে হবে মহাজাগতিক বিকিরণ। সব মিলিয়ে এই যাত্রা নভোচারীদের জন্য আত্মঘাতী অভিযানে পরিণত হতে পারে। নভোচারীরা যদি হাড়গোড় গলে যাওয়া দলা পাকানো মাংসপিণ্ড হয়ে পৃথিবীতে ফেরেন, কিংবা আদৌ ফিরতে না পারেন, তবে তাঁরা তো আর টক শোতে বসে নিজেদের কর্তাদের গুণগান গাইতে পারবেন না। অংশগ্রহণকারী কোনো দেশই এমন পরিণতি চায়নি।

শেষ পর্যন্ত চাহিদামতো স্যাটেলাইটের যন্ত্রাংশ তৈরিতে পারদর্শী একটি বেসরকারি কোম্পানি এর সমাধান বের করে ফেলল। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হাত ধরে গড়ে ওঠা প্রতিষ্ঠানের নাম রাখা হয় প্রিন্সটন স্যাটেলাইট সিস্টেমস। অল্প বাজেটেই তারা তৈরি করেছিল ডাইরেক্ট ফিউশন ড্রাইভ বা ডিএফডি।

আরও পড়ুন
নভোচারীরা যদি হাড়গোড় গলে যাওয়া দলা পাকানো মাংসপিণ্ড হয়ে পৃথিবীতে ফেরেন, কিংবা আদৌ ফিরতে না পারেন, তবে তাঁরা তো আর টক শোতে বসে নিজেদের কর্তাদের গুণগান গাইতে পারবেন না।

এই ইঞ্জিনের মূল শক্তি আসত নিউক্লিয়ার ফিউশন থেকে। এতে হিলিয়াম-৩ এবং ভারী হাইড্রোজেন বা ডিউটেরিয়াম ব্যবহার করা হতো। এই বিক্রিয়ায় কোনো নিউট্রন তৈরি হয় না। নিউট্রন তৈরি হলে একসময় সেগুলোর কারণে ইঞ্জিনের উপাদানগুলো তেজস্ক্রিয় হয়ে উঠত। তার বদলে এই বিক্রিয়ায় তৈরি হয় বৈদ্যুতিক আধানযুক্ত প্রোটন ও হিলিয়াম আয়ন। চৌম্বকক্ষেত্র ব্যবহার করে এসব কণাকে ইঞ্জিনের থ্রাস্টারের দিকে পাঠানো যায়। সেখান থেকে তৈরি হয় ধাক্কা, যা মহাকাশযানকে সামনে এগিয়ে নিয়ে যায়।

একই সঙ্গে এই প্রক্রিয়ায় বিদ্যুৎও উৎপন্ন হয়। প্রিন্সটন স্যাটেলাইট সিস্টেমসের গবেষকদের হিসাব অনুযায়ী, ইঞ্জিনের মোট ক্ষমতা ১০ মেগাওয়াট হলে এর মধ্যে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে এই হিসাব যে কেবল অনুমাননির্ভর, সেটাই প্রথমে চিন্তায় ফেলে দিল নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) কর্মকর্তাদের। কারণ, ডিএফডি ইঞ্জিন তখনো মহাকাশে পরীক্ষা করে দেখা হয়নি। প্রিন্সটন স্যাটেলাইট সিস্টেমস পরীক্ষাগারে ইঞ্জিনটির আসল মাপের একটি মডেল তৈরি করে সফলভাবে চালু করেছিল। পরীক্ষার ফলও মোটামুটি তাদের হিসাবের সঙ্গে মিলে গিয়েছিল। কিন্তু মহাকাশযানের ইঞ্জিন হিসেবে ডিএফডি তখনো ব্যবহার করা হয়নি।

এত দিন এর প্রয়োজনও পড়েনি। প্রচলিত ইঞ্জিন ব্যবহার করেই মঙ্গলে যাওয়ার সময়সীমা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। আরও দূরের কোনো গন্তব্যে পাঠানো মহাকাশযানগুলো সব সময়ই ছিল মানুষবিহীন। সেসব অভিযানে গতি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। 

আরও পড়ুন
প্রিন্সটন স্যাটেলাইট সিস্টেমস পরীক্ষাগারে ইঞ্জিনটির আসল মাপের একটি মডেল তৈরি করে সফলভাবে চালু করেছিল। পরীক্ষার ফলও মোটামুটি তাদের হিসাবের সঙ্গে মিলে গিয়েছিল।

ডিএফডির প্রথম পরীক্ষার সঙ্গে মার্টিনও কিছুটা জড়িত ছিলেন। প্রিন্সটন স্যাটেলাইট সিস্টেমসের প্রধান প্রকৌশলীকে তিনি ইঞ্জিনটির নিয়ন্ত্রণ সফটওয়্যারের ২৭টি বাগের কথা জানিয়েছিলেন। জাপানি প্রকৌশলী হায়াতো মাসুকোশি এই ত্রুটিগুলো ধরা পড়ায় ভীষণ বিব্রত হয়ে পড়েছিলেন। এমনকি তিনি সঙ্গে সঙ্গেই প্রধান নির্বাহীর কাছে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন। কিন্তু হায়াতোকে অবাক করে প্রধান নির্বাহী নির্দেশ দিলেন, এই আঁতেল ছেলেটাকে সঙ্গে নিয়েই মহাকাশের ওজনহীন পরিবেশে ডিএফডি ইঞ্জিনের পরীক্ষা করতে হবে।

বেশ কিছুদিন পর হায়াতো নিজেই মার্টিনকে জানিয়েছিলেন, প্রধান নির্বাহী ঠিক এই ভাষাতেই তাঁর পরিচয় দিয়েছিলেন।

ব্র্যান্ডন কিউ. মরিস জার্মানির জনপ্রিয় লেখক ও পদার্থবিদ। তাঁর আসল নাম ম্যাথিয়াস ম্যাটিং। ২০১৭ সাল থেকে ব্র্যান্ডন কিউ. মরিস ছদ্মনামে লিখছেন বিজ্ঞান কল্পকাহিনি। তিনি বাস্তব পদার্থবিজ্ঞান ও বৈজ্ঞানিক ধারণার ওপর ভিত্তি করে এমন সব কল্পকাহিনি লেখেন, যা ভবিষ্যতে সত্যি হয়ে উঠতেও পারে। এটাই তাঁর লেখার বিশেষত্ব। দ্য এনসেলাডাস মিশন তাঁর সবচেয়ে জনপ্রিয় ও বহুল আলোচিত বই।

আরও পড়ুন