ভয়েজার এখন পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে; গন্তব্য কোথায়

শিল্পীর কল্পনায় ভয়েজার ১ছবি: নাসা

আজ যদি পৃথিবী থেকে ভয়েজার ১ নভোযানের উদ্দেশে একটি বার্তা পাঠান, সেটি পৌঁছাতে সময় লাগবে প্রায় এক দিন। নভোযানটি যদি সঙ্গে সঙ্গে উত্তর পাঠায়, সেই উত্তর পৃথিবীতে ফিরতে লাগবে আরও এক দিন। অর্থাৎ একটি প্রশ্ন পাঠিয়ে উত্তর পেতে আপনাকে অপেক্ষা করতে হবে অন্তত ৪৮ ঘণ্টা। মাঝখানে কোনো সমস্যা হলে অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।

হ্যাঁ, এত দূরে চলে গেছে ভয়েজার ১!

২০২৬ সালের ১৮ নভেম্বর নভোযানটি পৃথিবী থেকে এমন এক দূরত্বে পৌঁছেছে, যার নাম এক আলোক-দিন। দূরত্ব প্রায় ১৬ বিলিয়ন মাইল, অর্থাৎ ২৫ দশমিক ৯ বিলিয়ন কিলোমিটার। আলো এক দিনে যতটা পথ পাড়ি দেয়, এটিই সেই দূরত্ব। মানুষের তৈরি কোনো বস্তু এর আগে পৃথিবী থেকে এত দূরে যায়নি।

একটা ছোট্ট তুলনা করা যাক। আলো এক সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়। সেই আলো পৃথিবী থেকে ভয়েজার ১ যানের কাছে পৌঁছাতেই লাগছে ২৪ ঘণ্টা। আর ভয়েজারের উত্তর ফিরে আসতে লাগবে আরও ২৪ ঘণ্টা। পৃথিবী থেকে পাঠানো কোনো নির্দেশ ভয়েজারে পৌঁছানোর আগেই হয়তো আমাদের অনেক কিছু বদলে যাবে। কিন্তু ভয়েজার ১ জানবেও না, পৃথিবীতে কী হচ্ছে।

আরও পড়ুন
২০২৬ সালের ১৮ নভেম্বর ভয়েজার ১ নভোযানটি পৃথিবী থেকে এমন এক দূরত্বে পৌঁছেছে, যার নাম এক আলোক-দিন। দূরত্ব প্রায় ১৬ বিলিয়ন মাইল, অর্থাৎ ২৫ দশমিক ৯ বিলিয়ন কিলোমিটার।

মহাকাশের দূরত্ব মাপা হয় আলোকবর্ষে বা আলোকদিনে। আমাদের পরিচিত মাইল বা কিলোমিটার দিয়ে এর বিশালতা বোঝানো কঠিন। সেই বিশালতার মধ্যে প্রায় ৫০ বছর ধরে ছুটে চলেছে ছোট্ট একটি মহাকাশযান। এর গায়ে লাগানো আছে পৃথিবীর একটি বার্তা। সেখানে শুধু একটি দেশের নাম বা একজন বিজ্ঞানীর নাম নেই; আছে আমাদের গান, ভাষা, ছবি, প্রকৃতি আর মানুষের নানা চিহ্ন। যেন দূর মহাকাশে কেউ ভয়েজার-১ খুঁজে পেলে বুঝতে পারে, এই পৃথিবীতে একসময় মানুষ নামে এক প্রাণী বাস করত বা করছে।

ভয়েজার ১-এর এই আলোক-দিনের মাইলফলক তাই কেবল দূরত্বের রেকর্ড নয়। এর সঙ্গে মিলেমিশে আছে মানুষের কৌতূহল, একাকিত্ব এবং পৃথিবীর গল্প অন্য কোথাও পৌঁছে দেওয়ার এক অদ্ভুত ইচ্ছা।

আরও পড়ুন
ভয়েজার ১ এখন মহাকাশের যে দিকে এগিয়ে যাচ্ছে, সেই দিকটি পৃথিবী থেকে দেখলে সর্পধারী নক্ষত্রমণ্ডলের অবস্থানের সঙ্গে মেলে। সর্পধারী নক্ষত্রমণ্ডল আকাশের একটি নির্দিষ্ট অঞ্চল।

দুই

ভয়েজার ১ মিশনের যাত্রা শুরু হয়েছিল ১৯৭৭ সালের সেপ্টেম্বরে। তখনই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সৌরজগতের বাইরের গ্রহগুলোকে কাছ থেকে দেখার পরিকল্পনা করেছিল। বিশেষ করে বৃহস্পতি ও শনিকে ঘিরে বিজ্ঞানীদের কৌতূহল ছিল অনেক। দূর থেকে টেলিস্কোপে গ্রহ দুটিকে দেখা যায়; কিন্তু গ্রহের মেঘের স্তর, চৌম্বক ক্ষেত্র, বলয় আর উপগ্রহগুলো সম্পর্কে জানার জন্য প্রয়োজন ছিল আরও কাছ থেকে পর্যবেক্ষণ।

সেই কাজের জন্যই পাঠানো হয় ভয়েজার ১ ও এর যমজ নভোযান ভয়েজার ২। ভয়েজার ২ উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার ১ মিশনের ঠিক ১৬ দিন আগে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আসলে ভয়েজার ২ মিশনে আগে উৎক্ষেপণ করা হয়েছিল একটি নির্দিষ্ট কক্ষপথ ও গতিপথের সুবিধার জন্য। ভয়েজার ২ মিশনের পথ ছিল ভয়েজার ১ মিশনের তুলনামূলক দীর্ঘ ও ধীর। তাই ১৬ দিন পরে উৎক্ষেপণ করেও ভয়েজার ১ আগে বৃহস্পতি ও শনির কাছে পৌঁছে যায়।

তবে দুটির যাত্রাপথ এক ছিল না। ভয়েজার ১ বৃহস্পতি ও শনি ঘুরে সৌরজগতের গ্রহগুলোর কক্ষপথের সমতল থেকে অনেকটা ওপরে উঠে যায়। মানে ভয়েজার ১ এখন মহাকাশের যে দিকে এগিয়ে যাচ্ছে, সেই দিকটি পৃথিবী থেকে দেখলে সর্পধারী নক্ষত্রমণ্ডলের অবস্থানের সঙ্গে মেলে। সর্পধারী নক্ষত্রমণ্ডল আকাশের একটি নির্দিষ্ট অঞ্চল। ভয়েজার ১ সেই অঞ্চলের দিকেই ছুটে চলেছে।

আরও পড়ুন
ভয়েজার ২ মিশনে আগে উৎক্ষেপণ করা হয়েছিল একটি নির্দিষ্ট কক্ষপথ ও গতিপথের সুবিধার জন্য। ভয়েজার ২ মিশনের পথ ছিল ভয়েজার ১ মিশনের তুলনামূলক দীর্ঘ ও ধীর।

ভয়েজার ১ আজ যে গতিতে ছুটছে, তা ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল, অর্থাৎ সেকেন্ডে প্রায় ১৭ কিলোমিটার। এই গতি যানটি পেয়েছিল বৃহস্পতি ও শনির কাছ দিয়ে যাওয়ার সময়। এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলে গ্র্যাভিটি অ্যাসিস্ট। কৌশলটি বুঝতে খুব বেশি জটিল পদার্থবিজ্ঞান জানার দরকার নেই। কোনো মহাকাশযান একটি বড় গ্রহের কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় গ্রহটির মহাকর্ষীয় টানে মহাকাশযানটির গতিপথ ও গতি বদলে যেতে পারে। ঠিকভাবে হিসাব করে যেতে পারলে গ্রহের কক্ষপথের গতিশক্তির সামান্য অংশ মহাকাশযান পেয়ে যায়। এতে বাড়তি জ্বালানি খরচ না করেই মহাকাশযানটির গতি বেড়ে যায়।

বৃহস্পতির পাশ দিয়ে ১৯৭৯ সালে এবং শনির পাশ দিয়ে ১৯৮০ সালে যাওয়ার সময় ভয়েজার ১ এই সুবিধা নিয়েছিল। গ্রহ দুটির ছবি তোলার পাশাপাশি তাদের পরিবেশ সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছিল।

শনির কাছ থেকে বিদায় নেওয়ার পর মহাকাশযানটির আর কোনো গ্রহে গিয়ে থামার পরিকল্পনা ছিল না। এটি ধীরে ধীরে সূর্যের প্রভাববলয়ের বাইরের দিকে এগিয়ে যেতে থাকে। ২০১২ সালের আগস্টে এর চার্জযুক্ত কণা শনাক্ত করার যন্ত্রে ধরা পড়ে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভয়েজার ১ অতিক্রম করেছে হেলিওপজ বা হেলিওস্ফিয়ারের সীমানা।

আরও পড়ুন
বৃহস্পতির পাশ দিয়ে ১৯৭৯ সালে এবং শনির পাশ দিয়ে ১৯৮০ সালে যাওয়ার সময় ভয়েজার ১ এই সুবিধা নিয়েছিল। গ্রহ দুটির ছবি তোলার পাশাপাশি তাদের পরিবেশ সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছিল।

সূর্য থেকে পৃথিবীতে শুধু আলো আর তাপ আসে না। সূর্য থেকে অবিরাম ছুটে বেরিয়ে আসে চার্জযুক্ত কণার প্রবাহ। একে বলে সৌরবায়ু। এই সৌরবায়ু এবং সূর্যের চৌম্বক ক্ষেত্র মিলে সৌরজগতের চারপাশে এক বিশাল বুদ্‌বুদের মতো অঞ্চল তৈরি করেছে। এর নাম হেলিওস্ফিয়ার। এই অঞ্চলের বাইরের দিকে প্রতিবেশী নক্ষত্রগুলোর প্রভাব বেশি থাকে। যেখানে সূর্যের সৌরবায়ুর প্রভাব শেষ হয়ে আন্তনাক্ষত্রিক মাধ্যমের প্রভাব শুরু হয়, সেই সীমানাই হেলিওপজ।

২০১২ সালে এই সীমানা পেরিয়ে ভয়েজার ১ মানুষের পাঠানো প্রথম মহাকাশযান হিসেবে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। অর্থাৎ সূর্যের তৈরি বুদ্‌বুদের বাইরে গিয়ে এটি এখন নক্ষত্রগুলোর মধ্যবর্তী পরিবেশের তথ্য সংগ্রহ করছে। আর ভয়েজার ২ নভোযানও ২০১৮ সালে এই সীমানা পেরিয়েছে। দুটি মহাকাশযানই এখন এমন এক অঞ্চলে, যেখানে মানুষের পাঠানো আর কোনো যান পৌঁছাতে পারেনি।

আরও পড়ুন
সূর্য থেকে অবিরাম ছুটে বেরিয়ে আসে চার্জযুক্ত কণার প্রবাহ। একে বলে সৌরবায়ু। এই সৌরবায়ু এবং সূর্যের চৌম্বক ক্ষেত্র মিলে সৌরজগতের চারপাশে এক বিশাল বুদ্‌বুদের মতো অঞ্চল তৈরি করেছে।

তিন

প্রায় ৫০ বছর ধরে মহাকাশে কাজ করছে ভয়েজার ১। কিন্তু কোনো যন্ত্রই তো অনন্তকাল কাজ করে না। ভয়েজারের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটছে না। এর কাজ করার শক্তি ধীরে ধীরে কমে আসছে। ভয়েজারের গায়ে সৌরপ্যানেল নেই। কারণ, এত দূরে সূর্যের আলো এতই দুর্বল যে তা দিয়ে প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি করা সম্ভব নয়। এর বদলে মহাকাশযানটিতে আছে তিনটি রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর বা আরটিজি। এগুলোতে প্লুটোনিয়াম-২৩৮ নামের তেজস্ক্রিয় পদার্থ আছে। এই পদার্থের ক্ষয় থেকে তাপ তৈরি হয়। সেই তাপকে বিদ্যুতে রূপান্তর করে নভোযানের যন্ত্রপাতি চালানো হয়।

সমস্যা হলো, সময়ের সঙ্গে প্লুটোনিয়ামের তাপ উৎপাদন কমছে। ফলে বিদ্যুৎও কম তৈরি হচ্ছে। নাসার হিসাব অনুযায়ী, ভয়েজার মহাকাশযানগুলো প্রতিবছর প্রায় ৪ ওয়াট করে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা হারাচ্ছে। তাই শক্তি বাঁচাতে একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে নানা যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক যন্ত্র। ভয়েজার ১ নভোযানের অনেক ক্যামেরা ও পর্যবেক্ষণযন্ত্র বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। ২০২৬ সালের এপ্রিল মাসে শক্তি বাঁচানোর জন্য এর লো-এনার্জি চার্জড পার্টিকলস যন্ত্রটিও বন্ধ করে দেওয়া হয়।

এখনো দুটি বৈজ্ঞানিক যন্ত্র কাজ করছে। একটি প্লাজমা-ওয়েভ ডিটেক্টর। এটি মহাকাশের প্লাজমা বা চার্জযুক্ত কণার আচরণ থেকে তৈরি তরঙ্গের তথ্য সংগ্রহ করে। অন্যটি ম্যাগনেটোমিটার, যা আশপাশের চৌম্বক ক্ষেত্র পরিমাপ করে। এই দুটি যন্ত্রের তথ্য থেকেই বিজ্ঞানীরা সূর্যের প্রভাববলয়ের বাইরের পরিবেশ সম্পর্কে জানতে পারছেন।

আরও পড়ুন
নাসার হিসাব অনুযায়ী, ভয়েজার মহাকাশযানগুলো প্রতিবছর প্রায় ৪ ওয়াট করে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা হারাচ্ছে। তাই শক্তি বাঁচাতে একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে নানা যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক যন্ত্র।

নাসার প্রকৌশলীরা শক্তি বাঁচানোর নানা কৌশল বের করছেন। ২০২৬ সালের সেপ্টেম্বরেও ভয়েজার ১ মিশনের কিছু যন্ত্রের জায়গায় কম বিদ্যুৎ খরচ করে এমন বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে। তবু একদিন এর শক্তি এতই কমে যাবে যে পৃথিবীর সঙ্গে আর যোগাযোগ রাখা সম্ভব হবে না। ঠিক কবে সেই দিন আসবে, তা নিশ্চিত করে বলা কঠিন। বিজ্ঞানীরা যত দিন সম্ভব একে সচল রাখার চেষ্টা করছেন।

তবে যোগাযোগ বন্ধ হয়ে গেলেই ভয়েজারের যাত্রা থেমে যাবে না। নিউটনের গতির প্রথম সূত্র অনুযায়ী, কোনো বস্তুর ওপর বাইরের বল প্রয়োগ না করলে সেটি একই বেগে সরলরেখায় চলতে থাকবে। মহাকাশে ঘর্ষণও প্রায় নেই বললেই চলে। তাই ভয়েজার ১ নভোযানের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও এর চলা বন্ধ হবে না। এটি ছুটেই চলতে থাকবে অনন্তকাল।

তাই বলে ভয়েজার ১ কিন্তু মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে যেতে পারবে না। কারণ, মিল্কিওয়ে থেকে বের হওয়ার মতো যথেষ্ট গতি এই যানের নেই। ফলে এটি গ্যালাক্সির মধ্যেই সূর্যের মতো অন্য নক্ষত্রগুলোকে ঘিরে চলতে থাকবে। কোনো একদিন হয়তো কোনো বুদ্ধিমান প্রাণী এই নভোযানের দেখা পাবে। নাও পেতে পারে। অবশ্য ভয়েজার ১ কোনো বুদ্ধিমান প্রাণী খুঁজে পেলেও সেই সংকেত আর পৃথিবীতে পাঠানোর শক্তি থাকবে না। থাকবে শুধু পৃথিবী থেকে পাঠানো একটি বার্তা।

আরও পড়ুন
নিউটনের গতির প্রথম সূত্র অনুযায়ী, কোনো বস্তুর ওপর বাইরের বল না লাগলে সেটি একই বেগে সরলরেখায় চলতে থাকবে। মহাকাশে ঘর্ষণও প্রায় নেই বললেই চলে।

চার

পৃথিবী থেকে পাঠানো সেই বার্তায় কী আছে? ভয়েজার ১ নভোযানের গায়ে লাগানো আছে ১২ ইঞ্চি ব্যাসের সোনার প্রলেপ দেওয়া তামার একটি ডিস্ক। নাম গোল্ডেন রেকর্ড। এটি আসলে পৃথিবীর পরিচয় তুলে ধরার এক ধরনের মহাজাগতিক বার্তা। কেউ যদি কোনো দিন মহাকাশযানটি খুঁজে পায়, তাহলে এই রেকর্ড থেকে পৃথিবী সম্পর্কে কিছু ধারণা পেতে পারে।

রেকর্ডটিতে আছে ১১৫টি ছবি। সেখানে মানুষ, প্রাণী, গাছপালা, প্রকৃতি, শহর, মানুষের দৈনন্দিন জীবনসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। আছে পৃথিবীর নানা ধরনের শব্দ। সমুদ্রের ঢেউ, বাতাস, পাখির ডাক, প্রাণীর আওয়াজসহ জীবন্ত গ্রহের নানা চিহ্ন। আছে পৃথিবীর বিভিন্ন দেশের সংগীত। বিভিন্ন দেশের মানুষের গান, সুর আর বাদ্যযন্ত্রের আওয়াজ। আরও আছে ৫৫টি ভাষায় শুভেচ্ছাবার্তা। পৃথিবীর তৎকালীন নেতাদের পাঠানো বার্তাও রাখা হয়েছে সেখানে।

কিন্তু কেন এত আয়োজন? কোনো ভিনগ্রহের প্রাণী যদি রেকর্ডটি খুঁজে পায়, তাহলে যেন বুঝতে পারে যে এই নভোযানটি কোথা থেকে এসেছে এবং কারা এটি পাঠিয়েছে। শুধু তা-ই নয়, রেকর্ডটির প্রচ্ছদেও কিছু নির্দেশনা খোদাই করা আছে। কীভাবে রেকর্ডটি চালাতে হবে, তা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এর সঙ্গে আছে একটি পালসার মানচিত্র। পালসার হলো এমন এক ধরনের দ্রুত ঘূর্ণায়মান নিউট্রন নক্ষত্র, যা নিয়মিত বিরতিতে তড়িৎচৌম্বক বিকিরণ পাঠায়। মহাবিশ্বে এদের অবস্থান ও সংকেতের ছন্দ ব্যবহার করে রেকর্ডের মানচিত্রটি তৈরি করা হয়েছে। ফলে কেউ এটি খুঁজে পেলে পালসারগুলোর অবস্থান মিলিয়ে মহাকাশযানটির উৎপত্তিস্থল, অর্থাৎ পৃথিবীর অবস্থান সম্পর্কে ধারণা পাবে।

আরও পড়ুন
ভয়েজার ১ নভোযানের গায়ে লাগানো আছে ১২ ইঞ্চি ব্যাসের সোনার প্রলেপ দেওয়া তামার একটি ডিস্ক। নাম গোল্ডেন রেকর্ড। এটি আসলে পৃথিবীর পরিচয় তুলে ধরার এক ধরনের মহাজাগতিক বার্তা।

আরও একটি অদ্ভুত জিনিস আছে রেকর্ডের প্রচ্ছদে। সেখানে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে লাগানো হয়েছে অত্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম-২৩৮-এর ছোট্ট একটি নমুনা। ইউরেনিয়ামের বিভিন্ন আইসোটোপের অনুপাত বিশ্লেষণ করে নমুনাটি কত দিনের পুরোনো, তার একটা ধারণা পাওয়া সম্ভব। অর্থাৎ কোনো দিন যদি কেউ রেকর্ডটি খুঁজে পায়, তবে সেটি কত আগে মহাকাশে পাঠানো হয়েছিল, সেটিও আন্দাজ করতে পারবে।

ভয়েজার ১-এর যমজ ভয়েজার ২ নভোযানেও আছে একই রেকর্ড। এর আগে ১৯৭০-এর দশকের শুরুতে মহাকাশে পাঠানো পাইওনিয়ার ১০ ও পাইওনিয়ার ১১ মহাকাশযানেও পৃথিবীর পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। তবে সেগুলোর গায়ে লাগানো ছিল খোদাই করা একটি ধাতব ফলক। চারটি মহাকাশযানই এখন চারদিকে ছুটে চলেছে। একেকটি যেন পৃথিবীর পক্ষ থেকে পাঠানো একেকটি ছোট্ট দূত।

আরও পড়ুন
গবেষকেরা এমন ৫ডি কোয়ার্টজ ডিস্কের কথা বলছেন, যেখানে বিপুল পরিমাণ তথ্য রাখা যায়। একটি হিসাব অনুযায়ী, প্রায় ৩৬০ টেরাবাইট তথ্য তিনটি পাতলা ডিস্কে সংরক্ষণ করা সম্ভব।

পাঁচ

ভয়েজার যখন যাত্রা শুরু করে, তখন মানুষের তথ্য সংরক্ষণের ব্যবস্থা আজকের মতো ছিল না। গোল্ডেন রেকর্ডে ছবি, শব্দ ও সংগীত রাখা হয়েছিল এনালগ পদ্ধতিতে। তখনকার প্রযুক্তিতে এই আয়োজন ছিল অভিনব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রেকর্ডটির তথ্যের পরিমাণ খুব বেশি নয়। একটি আধুনিক স্মার্টফোনেই গোল্ডেন রেকর্ডের ডিজিটাল সমতুল্য তথ্যের প্রায় এক হাজার গুণ বেশি তথ্য রাখা সম্ভব।

তাহলে প্রশ্ন হলো, আজ যদি নতুন কোনো মহাকাশযান পাঠানো হয়, এর সঙ্গে কী পাঠানো যেতে পারে? শুধু ১১৫টি ছবি আর কয়েকটি গান? নাকি একসঙ্গে মানুষের এত দিনের জ্ঞান, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, শিল্প, দর্শনসহ সবকিছুই পাঠানো যাবে? পৃথিবীতে যত বই, গবেষণাপত্র, ছবি, মানচিত্র, সংগীত ও তথ্য তৈরি হয়েছে, তার বড় একটি সংগ্রহ কি মহাকাশে পাঠানো সম্ভব?

আধুনিক তথ্য সংরক্ষণ প্রযুক্তি সে সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। গবেষকেরা এমন ৫ডি (5D) কোয়ার্টজ ডিস্কের কথা বলছেন, যেখানে বিপুল পরিমাণ তথ্য রাখা যায়। একটি হিসাব অনুযায়ী, প্রায় ৩৬০ টেরাবাইট তথ্য তিনটি পাতলা ডিস্কে সংরক্ষণ করা সম্ভব। ৩৬০ টেরাবাইট কত বড়, তা সহজে বোঝা যায় না। সাধারণভাবে বললে, বহু লাখ বই, ছবি, গবেষণা ও অন্যান্য ডিজিটাল তথ্য সেখানে রাখা যেতে পারে।

আরও পড়ুন
ভয়েজারের মতো বড় ও ব্যয়বহুল অভিযান না করেও ছোট, হালকা ও তুলনামূলক কম খরচের মহাকাশযান তৈরি করা সম্ভব হলে এমন অনেক যান একসঙ্গে পাঠানো যেতে পারে।

ভবিষ্যতে হয়তো কোনো মহাকাশযান শুধু পৃথিবীর কয়েকটি নমুনা নিয়ে যাবে না, সঙ্গে নিয়ে যাবে মানুষের জ্ঞানভান্ডারের বড় একটি অংশ। পৃথিবীতে মানুষ কী আবিষ্কার করেছে, কী লিখেছে, কী এঁকেছে, কীভাবে সংগীত তৈরি করেছে, মহাবিশ্বকে কীভাবে বুঝতে শিখেছে; তার অনেক কিছুই থাকবে সেই সংগ্রহে।

এখানে একটা বিষয় মনে রাখা দরকার। ভয়েজারদের মূল উদ্দেশ্য ছিল সৌরজগতের বাইরের গ্রহগুলো পর্যবেক্ষণ করা। মহাকাশে পৃথিবীর বার্তা পাঠানোর ধারণাটি ছিল মূল অভিযানের বাড়তি সংযোজন। জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক ও কার্ল সেগানের উদ্যোগে শেষ মুহূর্তে গোল্ডেন রেকর্ড যুক্ত করা হয়েছিল। আজ অবশ্য পরিকল্পনাটা উল্টো হতে পারে। এবার মহাকাশযানের প্রধান কাজই হতে পারে পৃথিবীর বার্তা দূর মহাকাশে পৌঁছে দেওয়া। পথে সুযোগ পেলে সৌরজগতের বাইরের বস্তুগুলোও সেটি পর্যবেক্ষণ করতে পারে।

ভয়েজারের মতো বড় ও ব্যয়বহুল অভিযান না করেও ছোট, হালকা ও তুলনামূলক কম খরচের মহাকাশযান তৈরি করা সম্ভব হলে এমন অনেক যান একসঙ্গে পাঠানো যেতে পারে। প্রতিটির সঙ্গে থাকবে মানুষের জ্ঞানের আলাদা সংগ্রহ। একটি হারিয়ে গেলে আরেকটি যাতে এগিয়ে যেতে পারে। কিন্তু সেসব মহাকাশযান এত দূরে পাঠানো হবে কীভাবে?

আরও পড়ুন
সূর্য থেকে আলো আসে ফোটন নামের কণার মাধ্যমে। ফোটনের ভর নেই, কিন্তু ভরবেগ আছে। কোনো প্রতিফলক পৃষ্ঠে আলো পড়লে সেই ফোটন পৃষ্ঠের ওপর সামান্য চাপ তৈরি করে। এই চাপ খুবই দুর্বল।

ছয়

সূর্যের আলোতেই ছুটবে মহাকাশযান। পৃথিবী থেকে মহাকাশে যেতে এখনো রকেটের দরকার হয়। কিন্তু মহাকাশে পৌঁছানোর পর সব সময় প্রচলিত রকেট ইঞ্জিনের ওপর নির্ভর করতে হবে, এমন নয়। সেখানে অন্য ধরনের চালিকাশক্তিও কাজে লাগানো যায়। তেমনই একটি প্রযুক্তি সৌরপাল। নাম শুনে নৌকার পালের কথা মনে হতে পারে। অনেকটা সেরকমই। তবে এখানে বাতাসের ধাক্কা নয়, সূর্যের আলোর ধাক্কা কাজে লাগে।

সূর্য থেকে আলো আসে ফোটন নামের কণার মাধ্যমে। ফোটনের ভর নেই, কিন্তু ভরবেগ আছে। কোনো প্রতিফলক পৃষ্ঠে আলো পড়লে সেই ফোটন পৃষ্ঠের ওপর সামান্য চাপ তৈরি করে। এই চাপ খুবই দুর্বল। কিন্তু মহাকাশে বাতাসের বাধা নেই বললেই চলে। তাই অনেক বড় একটি পাতলা পাল তৈরি করে সেটির ওপর দীর্ঘ সময় ধরে আলোর ধাক্কা লাগতে দিলে মহাকাশযান ধীরে ধীরে গতি বাড়াতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো, এ জন্য প্রচলিত রকেটের মতো জ্বালানি বহন করতে হয় না।

রুশ মহাকাশযাত্রার পথিকৃৎ কনস্তানতিন সিওলকোভস্কি ও ফ্রিডরিখ জান্ডার ১৯২০-এর দশকেই আলাদাভাবে সৌরপালের ধারণা নিয়ে আলোচনা করেছিলেন। এরপর বহু বছর ধরে বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। নাসা, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা এবং প্ল্যানেটারি সোসাইটি ছোট আকারের সৌরপাল মহাকাশে পাঠিয়ে প্রযুক্তিটির পরীক্ষা করেছে।

এবার এই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। তাদের প্রকল্পের নাম লুনার ইউরেনাস মেমব্রেন এনভয়, সংক্ষেপে লুমেন। পরিকল্পনাটি হলো, সৌরপালচালিত একটি ছোট মহাকাশযানের সঙ্গে মানুষের জ্ঞানভান্ডারের একটি সংগ্রহ পাঠানো হবে নক্ষত্রের দিকে।

আরও পড়ুন
মহাকাশে পৌঁছানোর পর সব সময় প্রচলিত রকেট ইঞ্জিনের ওপর নির্ভর করতে হবে, এমন নয়। সেখানে অন্য ধরনের চালিকাশক্তিও কাজে লাগানো যায়। তেমনই একটি প্রযুক্তি সৌরপাল।

লুমেনের ওজন হবে প্রায় সাড়ে চার কেজি (৪.৬ কেজি)। পালের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় ১৮ দশমিক ৪ মিটার। এত হালকা একটি মহাকাশযানের সঙ্গে এত বড় পাল কেন? কারণ, সূর্যের আলোর চাপ খুব দুর্বল। সেই চাপ কাজে লাগাতে হলে বড় পৃষ্ঠের প্রয়োজন।

লুমেনকে প্রথমে অন্য একটি মহাকাশযানের সঙ্গে করে চাঁদের কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকে এটি নিজের পাল কাত করে সূর্যের দিকে এগোতে থাকবে। সূর্যের মহাকর্ষীয় টানে ধীরে ধীরে আরও ভেতরের কক্ষপথে নামবে। এতে কক্ষপথের গতি বাড়বে। এই পর্যায়ে এটি সূর্যের কাছাকাছি গিয়ে নিজের গতিপথ বদলাবে। সূর্য থেকে মাত্র ০ দশমিক ২ জ্যোতির্বৈজ্ঞানিক একক দূরে পৌঁছালে, অর্থাৎ সূর্য-পৃথিবীর গড় দূরত্বের পাঁচ ভাগের এক ভাগ জায়গায় পৌঁছালে, পালটি পুরোপুরি সূর্যের আলোর দিকে মেলে ধরবে।

এই দূরত্ব প্রায় ১ কোটি ৮৬ লাখ মাইল। সেখানে সূর্যের আলো পৃথিবীর কক্ষপথের তুলনায় প্রায় ২৫ গুণ বেশি চাপ দেবে। ফলে পালটি অনেক বেশি ধাক্কা পাবে। কয়েকবার সূর্যের কাছ দিয়ে যাওয়ার পর লুমেনের চূড়ান্ত গতি ঘণ্টায় প্রায় ৯৩ হাজার মাইল, অর্থাৎ সেকেন্ডে ২৬ কিলোমিটার হতে পারে বলে প্রকল্পটির হিসাব। এই গতি ভয়েজার ১ মিশনের চেয়ে প্রায় ৫০ গুণ বেশি।

আরও পড়ুন
সূর্য থেকে মাত্র ০ দশমিক ২ জ্যোতির্বৈজ্ঞানিক একক দূরে পৌঁছালে, অর্থাৎ সূর্য-পৃথিবীর গড় দূরত্বের পাঁচ ভাগের এক ভাগ জায়গায় পৌঁছালে, পালটি পুরোপুরি সূর্যের আলোর দিকে মেলে ধরবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০৩৩ সালের শেষ নাগাদ লুমেন উৎক্ষেপণ করা গেলে এটি বৃহস্পতি ও ইউরেনাসের কাছ দিয়ে উড়ে যেতে পারে। সেই সময় গ্রহ দুটির ছবি ও অন্যান্য বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর চেষ্টা করবে। এরপর লুমেনের দীর্ঘ যাত্রা চলবে হেলিওপজের দিকে। হিসাব অনুযায়ী, ২০৫৮ সালের দিকে এটি সূর্যের তৈরি হেলিওস্ফিয়ারের সীমানা অতিক্রম করতে পারে।

আরও চমকপ্রদ ব্যাপার হলো, প্রকল্পটির হিসাব ঠিক থাকলে ২১৪৭ সালের দিকে লুমেন পৃথিবী থেকে প্রায় ৫৭ বিলিয়ন মাইল দূরে পৌঁছে ভয়েজার ১-কে ছাড়িয়ে যাবে। তখন সেটি হবে মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতির এবং সবচেয়ে দূরের মহাকাশযান। অবশ্য সবকিছু নির্ভর করছে প্রকল্পটি বাস্তবে তৈরি, উৎক্ষেপণ এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করার ওপর। এখনো এটি ভবিষ্যতের একটি প্রকল্প মাত্র।

আন্তনাক্ষত্রিক বার্তা পাঠানোর প্রস্তুতি শুধু লুমেনই নিচ্ছে না। এমন আরেকটি উদ্যোগের নাম ফার্মি এক্সপ্লোরার মিশন। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠানের পরিকল্পনা। তাদের লক্ষ্য, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রব্যবস্থা আলফা সেন্টাউরির দিকে একটি ছোট মহাকাশযান পাঠানো।

লুমেনের মতো এখানে সৌরপাল ব্যবহার করার পরিকল্পনা নেই। এর বদলে ব্যবহার করা হবে সৌরবিদ্যুৎচালিত বৈদ্যুতিক ইঞ্জিন। এই ইঞ্জিনে সূর্যের কাছ দিয়ে বারবার যাওয়ার সময় গতি বাড়ানোর কৌশল কাজে লাগানো হবে। এরপর মহাকাশযানটি ঘণ্টায় প্রায় ৫৪ হাজার মাইল, অর্থাৎ সেকেন্ডে ২৪ কিলোমিটার গতিতে আলফা সেন্টাউরির দিকে এগিয়ে যাবে।

আরও পড়ুন
আরও চমকপ্রদ ব্যাপার হলো, প্রকল্পটির হিসাব ঠিক থাকলে ২১৪৭ সালের দিকে লুমেন পৃথিবী থেকে প্রায় ৫৭ বিলিয়ন মাইল দূরে পৌঁছে ভয়েজার ১-কে ছাড়িয়ে যাবে।

কিন্তু গতি শুনে নিশ্চয়ই মনে হচ্ছে, এত দ্রুত চললে খুব বেশি সময় লাগার কথা নয়। বাস্তবতা হলো, আলফা সেন্টাউরি পৃথিবী থেকে প্রায় ৪ দশমিক ৪ আলোকবর্ষ দূরে। আলোও সেখানে পৌঁছাতে চার বছরের বেশি সময় নেয়। ভয়েজারের চেয়ে দ্রুত হলেও ফার্মি এক্সপ্লোরারের প্রস্তাবিত মহাকাশযানের সেখানে পৌঁছাতে প্রায় ৮০ হাজার বছর লাগবে।

প্রকল্পটির লক্ষ্য ২০২৯ সালের শেষ নাগাদ মহাকাশযানটি উৎক্ষেপণ করা। নকশা, নির্মাণ, উৎক্ষেপণ ও পরিচালনার সব হিসাব মিলিয়ে খরচ ১৫ মিলিয়ন ডলারের কম রাখার পরিকল্পনা রয়েছে। তবে এটি এখনো একটি প্রস্তাবিত মিশন। সময়মতো অর্থায়ন, মহাকাশযান তৈরি এবং উৎক্ষেপণ সম্ভব হবে কি না, তা ভবিষ্যতের বিষয়।

এই ছোট মহাকাশযানটিতেও থাকবে ভয়েজারের বিখ্যাত গোল্ডেন রেকর্ডের একটি কপি। সঙ্গে থাকবে পৃথিবীর শিশুদের পাঠানো বার্তা এবং কয়েকটি ছোট বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র। অর্থাৎ ভয়েজার যে কাজ শুরু করেছিল প্রায় অর্ধশতাব্দী আগে, তারই নতুন সংস্করণ তৈরি করতে চাইছে এই দল।

এখানে একটা বিষয় লক্ষ করার মতো। ফার্মি এক্সপ্লোরারের যাত্রা শেষ হতে ৮০ হাজার বছর লাগবে। মানুষ হিসেবে আমরা কেউই সেই দিনটি দেখব না। এখন যারা এই প্রকল্পের পরিকল্পনা করছেন, তাঁদের পরবর্তী কয়েক প্রজন্মও হয়তো দেখতে পাবেন না মহাকাশযানটির গন্তব্যে পৌঁছানো। কিন্তু তাতে প্রকল্পটির উদ্যোক্তাদের আগ্রহ কমছে না। তাঁদের ভাবনা, কেউ না কেউ তো একদিন এই যাত্রা শুরু করুক। আজ আমরা যে পথ তৈরি করব, ভবিষ্যতের মানুষ হয়তো সেই পথ ধরেই আরও দূরে যাবে।

আরও পড়ুন
প্রকল্পটির লক্ষ্য ২০২৯ সালের শেষ নাগাদ মহাকাশযানটি উৎক্ষেপণ করা। নকশা, নির্মাণ, উৎক্ষেপণ ও পরিচালনার সব হিসাব মিলিয়ে খরচ ১৫ মিলিয়ন ডলারের কম রাখার পরিকল্পনা রয়েছে।

সাত

এত আয়োজনের পেছনে একটি প্রশ্ন আছে। পৃথিবীর বাইরে কোথাও যদি বুদ্ধিমান প্রাণী থাকে, তাদের কাছে আমাদের বার্তা পাঠানোর দরকার কী? তারা আমাদের খুঁজে পাবে কি না, সেটাই তো অনিশ্চিত। পেলে বুঝবে কি না, সেটিও নিশ্চিত নয়। তাহলে কেন এত চেষ্টা?

উত্তরটা শুধু বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না। এর সঙ্গে মিশে আছে মানুষের কৌতূহল, নিজের অস্তিত্ব নিয়ে গর্ব, আর একধরনের নিঃসঙ্গতা। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই আছে প্রায় ১০০ বিলিয়ন নক্ষত্র। বিজ্ঞানীদের ধারণা, বেশিরভাগ নক্ষত্রেরই অন্তত একটি গ্রহ থাকতে পারে। এসব গ্রহের মধ্যে অনেকগুলো হয়তো আকারে ছোট, পাথুরে এবং তাপমাত্রার দিক থেকে পৃথিবীর মতো পরিবেশের অধিকারী। হিসাব অনুযায়ী, এমন গ্রহের সংখ্যা কয়েক বিলিয়ন হতে পারে।

পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর। গ্রহটি তৈরি হওয়ার পর ধীরে ধীরে এখানে জীবনের উদ্ভব হয়েছিল। অর্থাৎ প্রাণের জন্মের জন্য যে পরিবেশ ও উপাদান দরকার, পৃথিবীতে তা খুব অস্বাভাবিক কিছু ছিল না। মহাবিশ্বের অন্য কোথাও একই রকম পরিবেশ তৈরি হওয়া অসম্ভব, এমন কোনো কারণও আমরা জানি না।

কিন্তু প্রাণের জন্ম আর বুদ্ধিমান প্রাণের জন্ম এক কথা নয়। পৃথিবীতে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের আবির্ভাব হয়েছে মাত্র প্রায় ৩ লাখ বছর আগে। আর এই দীর্ঘ ইতিহাসের তুলনায় আমাদের যোগাযোগপ্রযুক্তির বয়স খুবই কম। বেতার যোগাযোগ শুরু হয়েছে প্রায় এক শতাব্দী আগে। মহাকাশে মহাকাশযান পাঠানোর ইতিহাস তো মাত্র ৭০ বছরের।

আরও পড়ুন
নিজের অস্তিত্ব নিয়ে গর্ব, আর একধরনের নিঃসঙ্গতা। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই আছে প্রায় ১০০ বিলিয়ন নক্ষত্র। বিজ্ঞানীদের ধারণা, বেশিরভাগ নক্ষত্রেরই অন্তত একটি গ্রহ থাকতে পারে।

অর্থাৎ প্রাণের জন্মের পর বুদ্ধিমান প্রাণী তৈরি হতে পৃথিবীকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এই পথ কি সব গ্রহেই তৈরি হয়? নাকি বুদ্ধিমান প্রাণের জন্ম আসলেই খুব বিরল ঘটনা? আমরা এখনো জানি না।

আরেকটি সমস্যা আছে। বুদ্ধিমান প্রাণী মহাবিশ্বের কোথাও থাকলেও তাদের সঙ্গে আমাদের সময়ের মিল নাও হতে পারে। তারা হয়তো কয়েক কোটি বছর আগে ছিল, এখন নেই। কিংবা কয়েক কোটি বছর পরে তাদের জন্ম হবে। তারা হয়তো আছে, কিন্তু এত দূরে যে আলো কিংবা রেডিও সংকেতের মাধ্যমেও যোগাযোগ করা প্রায় অসম্ভব। মহাকাশ ও সময়ের এই বিশাল ব্যবধানের কারণে দুই সভ্যতার দেখা হওয়া খুব কঠিন হতে পারে।

এখন পর্যন্ত পৃথিবীতে ভিনগ্রহের কোনো বুদ্ধিমান প্রাণীর আসার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মহাবিশ্বের নানা জায়গা থেকে বুদ্ধিমান প্রাণীর পাঠানো সংকেত খোঁজার চেষ্টাও চলছে। কিন্তু এখনো তেমন কোনো সংকেত পাওয়া যায়নি। এই নীরবতা হয়তো ইঙ্গিত দেয়, বুদ্ধিমান প্রাণের দেখা পাওয়া আমাদের ধারণার চেয়ে অনেক কঠিন।

আরও পড়ুন
দ্ধিমান প্রাণী মহাবিশ্বের কোথাও থাকলেও তাদের সঙ্গে আমাদের সময়ের মিল নাও হতে পারে। তারা হয়তো কয়েক কোটি বছর আগে ছিল, এখন নেই। কিংবা কয়েক কোটি বছর পরে তাদের জন্ম হবে।

তবু আমরা খুঁজে চলেছি। কারণ মানুষের কৌতূহল বড় অদ্ভুত জিনিস। কোনো উত্তর না পেলেও প্রশ্ন করা থামে না। মনে হয়, মহাবিশ্বের এই বিশাল অন্ধকারে আমরা একা থাকতে চাই না। এই অনুভূতিটা বোঝাতে একটা সুন্দর উদাহরণ দেওয়া যায়। ধরুন, সমুদ্রের মাঝখানে একটি ছোট দ্বীপে আপনি আটকা পড়েছেন। চারদিকে শুধু পানি। অন্য কোনো দ্বীপ আছে কি না, সেখানে মানুষ বাস করে কি না, আপনার জানা নেই। একদিন আপনি কাগজে নিজের কথা লিখে একটি বোতলে ভরে সমুদ্রে ছুড়ে দিলেন। জানেন, বোতলটি কেউ খুঁজে পাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। হয়তো কোনো দিনই কেউ খুঁজে পাবে না। তবু বোতলটি সমুদ্রে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। কারণ কেউ যদি কোনো দিন সেটি পায়, তাহলে অন্তত জানবে—এই দ্বীপে একসময় একজন মানুষ ছিল। সে একা ছিল, কিন্তু নিজের অস্তিত্বের কথা কাউকে জানাতে চেয়েছিল।

ভয়েজারের গোল্ডেন রেকর্ড অনেকটা সেই বোতলের মতো। মহাকাশের অজানা স্রোতে ভেসে চলেছে পৃথিবীর বার্তা। কেউ সেটি খুঁজে পাবে কি না, আমরা জানি না। কিন্তু চেষ্টা করে যাওয়ার মধ্যে মানুষের এক ধরনের আশা আছে।

ভয়েজার ১ এখন পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে। কিন্তু এই দূরত্বই শেষ নয়। মহাকাশে এর পথ চলা চলবে আরও বহু বছর, হয়তো কোটি কোটি বছর। একদিন এর সঙ্গে পৃথিবীর যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তখন এটি আর ছবি পাঠাবে না, কোনো বৈজ্ঞানিক তথ্যও জানাবে না। পৃথিবীর কোনো বিজ্ঞানী এর গতিপথের খবর নিতে চাইলে এটি আর উত্তর দেবে না। তবু মহাকাশে এর যাত্রা থামবে না।

আরও পড়ুন
ভয়েজার ১ এখন পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে। কিন্তু এই দূরত্বই শেষ নয়। মহাকাশে এর পথ চলা চলবে আরও বহু বছর, হয়তো কোটি কোটি বছর।

এরপর নতুন মহাকাশযান যাবে। হয়তো লুমেনের মতো সৌরপালচালিত যান, হয়তো ফার্মি এক্সপ্লোরারের মতো বৈদ্যুতিক ইঞ্জিনচালিত যান। একেকটি যান বহন করবে মানুষের জ্ঞান, ছবি, শব্দ, গান, গল্প কিংবা শিশুদের পাঠানো বার্তা। একটি যান হয়তো বৃহস্পতি ও ইউরেনাসের ছবি পাঠাবে, আরেকটি ছুটবে আলফা সেন্টাউরির দিকে। কেউ হয়তো ভয়েজার ১ নভোযানকে ছাড়িয়ে যাবে। কেউ আবার এর চেয়েও দূরে পৌঁছাবে।

এমন মহাকাশযানের সংখ্যা একদিন অনেক বাড়তেও পারে। একটি ভয়েজার পাঠানোর খরচে যদি অনেকগুলো ছোট মহাকাশযান পাঠানো যায়, তাহলে প্রতিটির সঙ্গে আলাদা আলাদা তথ্যভান্ডার রাখা সম্ভব। কোনোটা হয়তো মানুষের সব বৈজ্ঞানিক জ্ঞান নিয়ে যাবে, কোনোটা গান ও শিল্পকলা, কোনোটা পৃথিবীর জীববৈচিত্র্যের ছবি।

ভবিষ্যতের কোনো বুদ্ধিমান প্রাণী যদি এই মহাকাশযানগুলোর একটি খুঁজে পায়, তবে তাদের সামনে খুলে যেতে পারে অন্য এক গ্রহের ইতিহাস। তারা জানতে পারে, মিল্কিওয়ে গ্যালাক্সির এক কোণে ছোট্ট একটি গ্রহ ছিল। সেখানে প্রাণের জন্ম হয়েছিল। একসময় সেই প্রাণী আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করতে শিখেছিল, আমরা কোথা থেকে এলাম? মহাবিশ্বে কি আর কেউ আছে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তারা মহাকাশযান বানিয়েছিল। নিজেদের গল্প লিখে পাঠিয়েছিল নক্ষত্রের দিকে।

সূত্র: সায়েন্টিফিক আমেরিকান, স্পেস ডটকম, নাসা ও ফার্মি এক্সপ্লোরার ডট অর্গ

আরও পড়ুন